রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪২

ফন্ট সাইজ:

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীসহ ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার ডিএমপি’র এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। ডিএমপি সূত্র বলছে, আওয়ামী লীগের ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে নাশকতায় জড়িত থাকার অভিযোগে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানায়নি পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১১১ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৪৪ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছে ৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের শুরু থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে ‘লকডাউন’সহ নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ও যানবাহনে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।