রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান। শুক্রবার (২৭শে নভেম্বর) দুপুরে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ও মামলার বাদী রাব্বি আল রাফসান বলেন, মাস্টার্সের ক্লাস থাকায় শুক্রবার দুপুর দুইটা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলাম। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা এসে গতিরোধ করে। ওই অটোরিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে আমার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা চাপাতির উল্টোপাশ দিয়ে কয়েকটি আঘাত করে। এতে আমার ডানহাতে আঘাত লাগে।
ভুক্তভোগী আরও জানান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী তিনি। বিষয়টি তিনিও (প্রতিমন্ত্রী) অবগত রয়েছেন। এরই মধ্যে তিনি থানায় কথা বলেছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। শনিবার রাতে আমরা একজনকে আটক করেছি। তার বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা ফোনটি উদ্ধারের চেষ্টা করছি।
