১৫ বছর থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম

১৫ বছর থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম

ফন্ট সাইজ:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৫ বছর প্রতিষ্ঠানটি থার্ড টার্মিনাল পরিচালনা করবে। বেবিচক বলছে, চুক্তিতে জাতীয় স্বার্থ রক্ষা, আর্থিক সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা দেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে প্রস্তাবিত ১৫ বছরের চুক্তির বিস্তারিত থেকে দেখা যায়, জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য বাণিজ্যিক সুবিধা দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার একচ্ছত্র অধিকার, ব্যাপক রাজস্ব আদায়ের ক্ষমতা এবং কার্যক্রমের শুরুর দিকে বাংলাদেশের জন্য কম রাজস্ব ভাগ। দীর্ঘ আলোচনার পর আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

রোববার বেবিচকের সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক মূল্যায়ন এবং আইনি যাচাইয়ের পর চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক যাত্রীসেবা নিশ্চিত করার জন্য চুক্তিতে সুনির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। এর মাধ্যমে জাতীয় ও আর্থিক স্বার্থ সুরক্ষিত হয়েছে। আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্যদিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনের পরিকল্পনা করছে। এটি ধাপে ধাপে কার্যক্রম স্থানান্তরের প্রথম পর্যায় হবে। একবারে পূর্ণাঙ্গভাবে টার্মিনাল চালু করা হবে না।

সংশ্লিষ্টরা বলছেন, সোমবার চুক্তি স্বাক্ষর হলেও সঙ্গে সঙ্গে ১৫ বছরের মেয়াদ শুরু হবে না। বিমানবন্দরের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের ১০০ শতাংশ তৃতীয় টার্মিনালে স্থানান্তরের পর থেকে এই মেয়াদ শুরু হবে। পরিচালন পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের কাছে চুক্তির আওতাভুক্ত এলাকাগুলো হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের অন্তত ২৫ শতাংশ পরিচালনার সক্ষমতা তৈরি করতে হবে। বাকি ফ্লাইটগুলো ধীরে ধীরে স্থানান্তর করা হবে। ১৪ মাসের মধ্যে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম পুরোপুরি তৃতীয় টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বেবিচক চেয়ারম্যানের দেয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম শুরুর নির্ধারিত সময় থেকে জাপানি কনসোর্টিয়াম প্রতি মাসে যাত্রী ও কার্গো থেকে পাওয়া মোট আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে। পরবর্তী সময়ে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃতপক্ষে পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ-এই দুইয়ের মধ্যে যেটি আগে আসবে, সেদিন থেকে বাংলাদেশের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে। বেবিচক শেষ পর্যন্ত যে ২৭ শতাংশ রাজস্ব পাবে, কার্যক্রম শুরুর দিকে তার অর্ধেক পাবে।

চুক্তির আরেকটি বিতর্কিত বিষয় হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো টার্মিনাল ১ ও ২-এর ভবিষ্যৎ ব্যবহার। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, সব নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট শেষ পর্যন্ত তৃতীয় টার্মিনাল দিয়ে পরিচালিত হবে। নতুন নির্মিত আন্তর্জাতিক আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালও পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম। তবে পুরনো টার্মিনালগুলো অভ্যন্তরীণ ফ্লাইট, হজ কার্যক্রম এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহারের অধিকার বেবিচকের কাছে থাকবে। ফলে নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার পুরো দায়িত্ব কার্যত জাপানি কনসোর্টিয়ামের ব্যবস্থাপনাধীন টার্মিনালে কেন্দ্রীভূত হবে।