রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প-কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।
সাক্ষাতে প্রেসিডেন্ট সশস্ত্রবাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতল সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সকল নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী। এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
ওদিকে গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল। এসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং গবেষণায় প্রণোদনার বিষয়ও প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করেন তারা।
প্রেসিডেন্ট দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট বলেন, এ বিশ্ববিদ্যালয় তার মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
দেশে উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: প্রেসিডেন্ট
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
