আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: আইজিপি

ফন্ট সাইজ:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে। আর এজন্য মাঠপর্যায়ে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করার পাশাপাশি পেশাদারিত্ব, দক্ষতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়াতে হবে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাদারিত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মামলার তদন্তের গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।
এ সময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত, বিশেষ করে অপমৃত্যু মামলাগুলো দায়িত্বশীলতার সঙ্গে তদন্তের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর নির্দেশনা দেন তিনি। আয়োজিত সভায় এ সময় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ- পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।