ছোট্ট আদনান। বয়স সবে এক বছর। হৃদরোগে আক্রান্ত আদনান এখন ভুগছে ডেঙ্গুতে। তার মা সাথী আক্তার বলেন, প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি। ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগে শিশুটির হৃদ্রোগের সমস্যা ছিল। ভর্তি ছিল হৃদ্রোগ ইনস্টিটিউটে। পরে ডেঙ্গু শনাক্ত হলে সোহ্রাওয়ার্দী হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে আসার পর তার ছেলের অবস্থা খুবই সংকটাপূর্ণ ছিল। বর্তমানে কিছুটা ভালো। চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, চিকিৎসকরা রোগীদের সময় নিয়ে দেখেন। নার্সদের ডাকলেও পাওয়া যায়। বাচ্চাদের এক বেডে দুইজন রাখতে হচ্ছে। বাচ্চার সঙ্গে থাকা মায়েদের ঠিকমতো বসার জায়গাটাও নাই।
শনিবার সরজমিন রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই চিত্র দেখা যায়। পুরুষ, মহিলা ও শিশু ডেঙ্গু ওয়ার্ড ঘুরে চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টির কথা বলেন রোগী-স্বজনরা। তবে হাসপাতালের পরিচ্ছন্নতা, পরীক্ষা-নিরীক্ষা, নার্সদের সেবা এবং বিশেষ করে শিশু ওয়ার্ডে শয্যা ও স্বজনদের থাকার ব্যবস্থা নিয়ে অভিযোগ রয়েছে। ওই দিন পুরুষ ডেঙ্গু ওয়ার্ডে ছিলেন ১৪ জন, মহিলা ওয়ার্ডে ১৪ জন। শিশু ওয়ার্ডের তিনটি ইউনিটে ৪৫ জন ভর্তি রয়েছে। নন-পেইং ইউনিটে ১৯ জন, পেইং ইউনিটে ১৬ জন এবং অন্যটিতে ১০ জন। শিশুর সঙ্গে থাকা স্বজনদের থাকার ব্যবস্থা না থাকায় আরও বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান সাথী আক্তার। অসুস্থ শিশুকে রেখে কোথাও যাওয়া সম্ভব নয়। তাই দিন ও রাত হাসপাতালে থাকতে হয়। বসার জায়গাও পর্যাপ্ত নয়। তার মতে, শিশু ওয়ার্ডে রোগীর সঙ্গে থাকা স্বজনদের বসা বা বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা থাকা দরকার।
শিশু ওয়ার্ডের নন-পেইং ইউনিটে চিকিৎসাধীন এক বছর বয়সী মিরাজ। এসেছেন রাজধানীর বাড্ডা থেকে। তার মা চম্পা আক্তার বলেন, একেকটি বিছানায় দুইজন করে শিশু রোগী থাকায় স্বজনদের থাকার ও ঘুমানোর জায়গা নেই। গত রাতে তারা এক মিনিটও ঘুমাতে পারেননি। অসুস্থ শিশুর পাশে সারারাত জেগে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুকে ঠিকমতো দেখাশোনা করাও কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, একই বিছানায় দুইজন রোগী রাখার কারণে চিকিৎসা ও পরিচর্যায় সমস্যা হচ্ছে। ওয়ার্ডের পরিবেশ অপরিচ্ছন্ন এবং রোগী ও স্বজনদের গোসল ও কাপড় ধোয়ার স্থানগুলোও নোংরা।
পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন কল্যাণপুরের বাসিন্দা রিফাত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। গত বছরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এক বছর পর আবার ডেঙ্গু আক্রান্ত হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন।
রিফাত বলেন, প্লাটিলেটের পরিমাণ বাড়তে শুরু করলেই অনেক রোগীকে ছেড়ে দেয়া হচ্ছে। এতে হাসপাতালে রোগী ধরে রাখার পরিবর্তে নতুন রোগীদের ভর্তি করার সুযোগ তৈরি হচ্ছে। হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, খাবারের মান ভালো নয়, ওয়াশরুম অপরিচ্ছন্ন এবং অন্যান্য সেবার ক্ষেত্রেও ভোগান্তি রয়েছে। রিফাতের ছোট ভাই আরাফাত সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ভাইয়ের সঙ্গে থাকছেন হাসপাতালে। তিনি বলেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যেতে হয়। ট্রলি ব্যবহার করতেও টাকা দিতে হয়। এ ছাড়া খাবার ও অন্যান্য খরচ নিয়ে ভোগান্তির পাশাপাশি নার্সদের সেবা পেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। তার অভিযোগ, প্রয়োজনে নার্সদের ডাকলেও অনেক সময় যথাসময়ে সাড়া পাওয়া যায় না।
মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন টোলারবাগের এক বাসিন্দা বলেন, এখানকার চিকিৎসকরা নিয়মিত রোগীদের খোঁজখবর নেন। নার্সরাও যথাসম্ভব রোগীদের দেখভাল করেন। তবে কখনো কখনো নার্সদের তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না।
নারী ওয়ার্ডের ১৪ রোগীর একজন ৯ মাসের সন্তানসম্ভবা জেসমিন আক্তার নূপুর। দ্বিতীয়বার ভর্তি হয়েছেন তিনি। নূপুরের স্বামী কাওসার হোসেন বলেন, গত ১২ই নভেম্বর প্রথমবার ডেঙ্গু নিয়ে সোহ্রাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় নূপুরকে। দুইদিনের চিকিৎসায় উন্নতি হলে বাসায় নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত ২টায় আবারো তাকে ভর্তি করানো হয়। তার স্বামী কাওসার বলেন, এত বড় হাসপাতাল কিন্তু আল্ট্রাসনোগ্রামসহ রক্তের অন্যান্য পরীক্ষার জন্য বাইরে যেতে হয়, যা কষ্টকর।
