আইসিইউ না পেয়ে ঘুরছে হামের রোগী

সরজমিন ডিএনসিসি হাসপাতাল

আইসিইউ না পেয়ে ঘুরছে হামের রোগী

ফন্ট সাইজ:

চোখে পানি আর পাশে গাঁট্টি নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালের সামনে বসে ছিলেন কুষ্টিয়ার নীলুফা খাতুন। তার ১ বছরের নাতনি জান্নাতুল মাওয়া, হামে আক্রান্ত হয় গত মাসে। অক্টোবরের ২২ থেকে নভেম্বরের ২২ তারিখ পর্যন্ত চিকিৎসা নেয় এই হাসপাতালে। ১ মাসের চিকিৎসায় সুস্থ হয় জান্নাতুল মাওয়া। কিন্তু এরপর রক্ষা হয়নি পরিবারটির। ৩ দিন পর থেকে প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে থাকে মাওয়া। তাকে নিয়ে ফের ডিএনসিসি হাসপাতালে আসতে হয়। মাওয়াকে বাঁচাতে প্রয়োজন আইসিইউ। আইসিইউ’র খোঁজে হাসপাতালে হন্যে হয়ে দৌড়াচ্ছেন মাওয়ার বাবা আরিফ ও মা শরীফা। এই হাসপাতালে আইসিইউ সংকট প্রবল।

আইসিইউ’র খোঁজে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে গিয়েছিল পরিবারটি। কিন্তু লাভ হয়নি। বাধ্য হয়ে যেতে হয় ধানমণ্ডির এক বেসরকারি হাসপাতালে। ৩ দিনে ৮০ হাজার টাকা খরচ হলেও স্বাস্থ্যের উন্নতি হয়নি মাওয়ার। আর্থিক সংকট ও চিকিৎসায় সুফল না পেয়ে ডিএনসিসি হাসপাতালেই ফিরে আসেন তারা। কুষ্টিয়ায় ইট-সিমেন্টের ট্রলি চালান শিশু জান্নাতুল মাওয়ার বাবা আরিফ। সন্তানের চিকিৎসা ব্যয় মেটাতে সেটাও বিক্রি করেছেন। উপার্জনের সম্বল বিক্রি করেও সন্তানকে সুস্থ করতে পারছেন না। মাওয়ার দাদি নীলুফা খাতুন বলেন, আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আয়ের একমাত্র সম্বল ট্রাক্টর বিক্রি করে নাতনিতে সুুস্থ করতে পারছি না। ২০ বছর বয়সী মো. শাকিল থাকেন রাজধানীর ডেমরা এলাকায়। কাজ করেন সাইকেল ফ্যাক্টরিতে। নাকে অক্সিজেনের নল নিয়ে শুয়ে আছেন ডিএনসিসি হাসপাতালের সামনে রাখা একটি এম্বুলেন্সে। ১৯শে নভেম্বর তীব্র জ্বর নিয়ে ডিএনসিসি হাসপাতালে আসেন। দুইদিন পর জানা যায় হামে আক্রান্ত হয়েছেন তিনি। সুস্থ হওয়ায় ২৬শে নভেম্বর বাড়ি ফেরেন। বাসায় নিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

শনিবার সকালে ফের মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আনা হয়। পরীক্ষার পর এই হাসপাতালের ব্যবস্থাপত্রে লেখা হয় ‘হামের কারণে শাকিলের শরীরে সংক্রমণ-পরিবর্তী অন্ত্রে প্রতিবন্ধকতা’ দেখা দিয়েছে। আইসিইউ প্রয়োজন হলেও ফাঁকা নেই সিট। শাকিলকে পরিবার প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। তিন দফা ঘুরে কোথাও আইসিইউ না পেয়ে শাকিলকে নিয়ে আবারও মহাখালীর এই হাসপাতালেই আসেন তার বাবা হারুন মিয়া। ডিএনসিসি হাসপাতালের সামনে রাখা এম্বুলেন্সে শুয়ে থাকলেও আইসিইউ পাননি শাকিল।

শাকিলের বাবা হারুন মিয়া বলেন, আমরা সকাল থেইকা তিনটা হাসপাতালে গেছি। কোনো জায়গায় আইসিইউ নাই। এহন আবার এখানে আইলাম। গেলেই বলতাছে, আইসিইউ খালি নাই। তাইলে আমার ছেলে বাঁচবো কেমনে! একবারের জায়গায় দুইবার গেলে তারা ধমক দেয়। এরপরও গেছি বলে, গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়া যাইতে। কিন্তু যাওনের পরেও যদি আইসিইউ না পাই তাইলে কই যামু আমরা?

শনিবার ডিএনসিসি হাসপাতালে সরজমিন ঘুরে দেখা গেছে এমন করুণ চিত্র। শুধু জান্নাতুল মাওয়া ও মো. শাকিলের নয়; হাসপাতালের ভেতর-বাইরে অসহায়ত্বের কান্নায় ভেঙে পড়েছেন শিশু আলিফা, আফনান, নাদিম ও মিতুর পরিবার। সন্তান-প্রিয়জন বাঁচাতে এম্বুলেন্সে করে শহরের সরকারি- বেসরকারি হাসপাতালের খোঁজে ছুটছেন পরিবারগুলো।
ডিএনসিসি হাসপাতালে প্রতিদিনই আসছে নতুন রোগী। এখানে ৫৬টি আইসিইউ শয্যার সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে। তবে জেনারেল ওয়ার্ডে কিছু শয্যা খালি রয়েছে বলে জানা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ডিএনসিসি হাসপাতাল পরিচালনা করছে সামরিক বাহিনী। এখানে অনিয়মের কোনো সুযোগ নাই। আমাদের এখানে যত রোগী আসে, তাদের প্রত্যেককে সেবা দেয়ার চেষ্টা করি আমরা। বিশেষ করে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আগত শিশুদের চিকিৎসায় প্রাধান্য দেয়া হয়। ডিএনসিসি তার ক্যাপাসিটির সর্বোচ্চটা দিয়ে রোগীর সেবা দিচ্ছে। রোগীর চিকিৎসায় কোনো হেলাফেলা বরদাশ্‌ত করা হয় না এখানে। হামের জন্য সাধারণ মানুষের ভরসার জায়গা এটা, আমরা মানুষের আস্থা ধরে রাখার জন্য কাজ করছি।