বাটলারবিহীন সিঙ্গাপুর সফরে ঋতুপর্ণাদের পরীক্ষা

বাটলারবিহীন সিঙ্গাপুর সফরে ঋতুপর্ণাদের পরীক্ষা

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্য যাচাইয়ে দু’টি প্রীতি ম্যাচ খেলতে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১ ও ৫ই ডিসেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, মারিয়া মান্দারা। তবে এবারের সফরে মাঠের পরীক্ষার পাশাপাশি নতুন কোচের অধীনে নিজেদের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও রয়েছে তাদের। অসুস্থতার কারণে নিয়মিত কোচ পিটার বাটলার দলের সঙ্গে নেই। তার পরিবর্তে দুই ম্যাচে ডাগআউট সামলাবেন ফরাসি কোচ এরিক মেয়ার।

দীর্ঘদিন বাটলারের অধীনে অনুশীলন ও খেলা বাংলাদেশের মেয়েদের। তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর দলের জন্য যেমন ধাক্কা, তেমনি কোচিং দায়িত্বে সাময়িক পরিবর্তনও নতুন পরিস্থিতির জন্ম দিয়েছে। এরিক মেয়ার অবশ্য বাটলারের কৌশল ও ফুটবল দর্শনে বড় পরিবর্তন আনতে চান না। অল্প সময়ের প্রস্তুতিতে খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া তৈরি করে দলকে স্বাভাবিক ছন্দে রাখাই তার লক্ষ্য। সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ। আন্তর্জাতিক ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখা, দলের কৌশল আরও পরিণত করা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাইয়ের সুযোগ মিলবে এই সফরে। নতুন কোচের অধীনে মাঠে নেমে নিজেদের মানিয়ে নেয়ার পাশাপাশি জয়ের লক্ষ্যও থাকবে ঋতুপর্ণাদের। সফরের আগে কোচ নিয়োগ নিয়ে অবশ্য বাফুফেতে মতপার্থক্য দেখা দিয়েছে। নতুন কোচ এরিক মেয়ারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার আপত্তির মধ্যেই মেয়ারের নিয়োগ দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

তবে সভাপতি দাবি করেছেন, নারী কমিটির চেয়ারম্যান ও টেকনিক্যাল ডিরেক্টর কোচ নিয়োগের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় নির্বাহী ক্ষমতাবলে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তাবিথের যুক্তি, সিঙ্গাপুরের দু’টি ম্যাচের জন্য স্বল্প সময়ের অন্তর্বর্তীকালীন নিয়োগে যথাযথ লাইসেন্সধারী অভিজ্ঞ কোচ পাওয়া কঠিন ছিল। মেয়ারের দায়িত্বও আপাতত এই দুই ম্যাচেই সীমাবদ্ধ। আগামী বছরের জানুয়ারিতে নতুন কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। কোচ নিয়োগ নিয়ে বিতর্ক, বাটলারের অনুপস্থিতি ও নতুন দায়িত্বের চাপ- সবকিছুর মধ্যেই সিঙ্গাপুরে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ। দুই ম্যাচে ফলের পাশাপাশি দলের খেলার ধরন, সমন্বয় ও নতুন কোচের অধীনে মানিয়ে নেয়ার সক্ষমতাও হবে ঋতুপর্ণাদের সফরের বড় পরীক্ষা।

মারিয়া মান্দার নেতৃত্বে ২৩ সদস্যের স্কোয়াডে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন, রুপনা চাকমা ও আফঈদা খন্দকারের মতো অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্বপ্না রানী। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক হোমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র। পরিসংখ্যানে সিঙ্গাপুরের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে সিঙ্গাপুরের মাঠে ২-০ গোলে এবং সর্বশেষ ২০২৩ সালে ঢাকায় ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এবারও সেই জয়ের ধারা বজায় রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামবে মারিয়া-ঋতুপর্ণারা।