দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট যাত্রায় ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহীম। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা জানিয়ে আবেগঘন বার্তায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ক্রিকেটার। বিশেষ করে মিরপুরের গ্যালারিতে ভেসে আসা ‘মুশফিক, মুশফিক’ স্লোগান আজীবন তার হৃদয়ে জায়গা করে থাকবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় মুশফিক লেখেন, ‘আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে।’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাকে জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব।’
ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অবদানের কথা স্মরণ করেছেন মুশফিক। তবে সমর্থকদের প্রতি তার কৃতজ্ঞতার প্রকাশে বিশেষভাবে উঠে এসেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির স্মৃতি। তিনি লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল তার সাবেক সতীর্থ মুশফিকের অবসরের ঘোষণা দেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিতব্য টেস্ট ম্যাচটি হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। মুশফিকের আন্তর্জাতিক অভিষেকও হয় ইংল্যান্ডের বিপক্ষেই। ২০০৫ সালের ২৬শে মে লর্ডসে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় তার আন্তর্জাতিক পথচলা।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে তার লাল বলের অধ্যায়। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। বিদায়ের মুহূর্তেও জীবনের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মুশফিক। তিনি বলেন, ‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন, আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।’ আল্লাহর ওপর ভরসা রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান জানিয়ে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
