পিছিয়ে যেতে পারে ডি-থ্রি!

পিছিয়ে যেতে পারে ডি-থ্রি!

ফন্ট সাইজ:

ডি-থ্রি টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বরং বিসিবি’র পেজ থেকে টুর্নামেন্টের কাউন্টডাউন প্রচার করা হচ্ছে। তবে দেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ১৫ই ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ মুহূর্তে পিছিয়ে যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। এ ছাড়া ডি-থ্রির দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে নিয়েও তৈরি হয়েছে জটিলতা। প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার ঘটনায় বরিশাল স্টেডিয়ামে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন করেছে স্থানীয় বিএনপি। এমনকি পোড়ানো হয় তার ছবি। অন্যদিকে, দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়েও চলছে নানা আলোচনা। আগামী ১৬ই ডিসেম্বর তার দেশে ফেরার ঘোষণা থাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবমিলিয়ে টুর্নামেন্টের আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে আলোচনা হয়েছে।

বিসিবি’র এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডি-থ্রি পিছিয়ে দেয়া নিয়ে কথা হয়েছে। তবে এটি চূড়ান্ত হয়নি। কিংবা পিছিয়ে দেয়া হবে, এমন সিদ্ধান্তও নেয়া হয়নি। এটি একটি ভাবনা মাত্র। কারণ, যদি এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা বিঘ্নিত হতে
পারে, সেক্ষেত্রে বিসিবি বিষয়টি নিয়ে ভাববে। প্রয়োজনে পিছিয়েও দিতে পারে। তাই বলে এমন নয় যে, আমরা নতুন করে তারিখ নির্ধারণ করেছি কিংবা টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুরুতে যে তারিখ নির্ধারিত ছিল, সেটি ধরেই প্রস্তুতি চলছে।’ বিসিবি’র আয়োজনে ‘ডমেস্টিক ডি-থ্রি ট্রফি’ নামে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতাটির আয়োজন করা হচ্ছে। তিনটি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ডিসেম্বরে টি-টোয়েন্টি, জানুয়ারিতে চারদিনের ক্রিকেট এবং মে মাসে ৫০ ওভারের ওয়ানডে প্রতিযোগিতা হবে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল এতে অংশ নিচ্ছে। দলগুলো হলো- একমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে ১৫ই ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি ও ফরচুন।

৩১শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ১লা জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। টি-টোয়েন্টি আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের দু’টি ভেন্যুতে। বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ, গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ, প্লে-অফ ও ফাইনাল। অন্যদিকে, ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো। টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত থাকলেও দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। বরিশালে সকাল ১১টার ম্যাচগুলো শুরু হবে দুপুর ১টায়। আর দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা থাকা ম্যাচগুলো সরিয়ে নেয়া হয়েছে বিকাল ৫টায়। বিসিবি সূত্রটি জানায়, ‘দেখুন, এটি শুধু বিসিবি’র বিষয় নয়। দেশের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে সেটি সরকার সরাসরি বিবেচনা করবে। বিসিবি পরিস্থিতি বিবেচনায় নিজেদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।’