২০০৫ সালের মে মাসে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের স্বপ্নযাত্রা শুরু করেছিলেন দু’জন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর সেই ইংল্যান্ডের বিপক্ষে ২০২৭ সালের ১৪ই ফেব্রুয়ারি মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহীম। দীর্ঘদিনের এই সতীর্থের বিদায়ের ঘোষণায় আবেগ আপ্লুত জাতীয় দলের বর্তমান ম্যানেজার নাফিস ইকবাল। দুইদিন আগে বিসিবি’র বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের কথা জানান সভাপতি তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকা মুশফিক নিজের এই সিদ্ধান্তের কথা কাউকেই জানতে দেননি।
এমনকি প্রতিদিন সকালের নাস্তার টেবিলে তাইজুল ইসলাম ও মুমিনুল হককে নিয়ে আড্ডায় মেতে থাকলেও, পাশে থাকা ম্যানেজার নাফিস ইকবালও টের পাননি। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল পোর্ট এলিজাবেথ বিমানবন্দরে পৌঁছানোর পর সংবাদমাধ্যমের কল্যাণে মুশফিকের বিদায়ের খবর জানতে পারেন নাফিস। তিনি বলেন, ‘আমি ওই নিউজে দেখলাম যেটা, ওইভাবে কথা হয়নি। আমার মনে হয় বোর্ড প্রেসিডেন্ট এটার ঘোষণা দিয়েছে।’ অবসরের বিষয়ে মুশফিকের সঙ্গে আগে কোনো আলোচনা হয়েছিল কিনা, জানতে চাইলে নাফিস জানান, ‘না, এরকম কোনো কিছু আমার সঙ্গে শেয়ার করেনি।’ সফরে প্রতিদিন দেখা ও আড্ডা হলেও মুশফিকের আচরণে বিদায়ের কোনো আভাসই লক্ষ্য করেননি তিনি।
অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু হওয়া বন্ধুত্ব, এরপর লর্ডসে একই ম্যাচে টেস্ট অভিষেক- মুশফিকের সঙ্গে নাফিসের স্মৃতির ঝুলি বেশ সমৃদ্ধ। সতীর্থের বিদায়ে আবেগঘন কণ্ঠে নাফিস বলেন, ‘আমরা আবেগপ্রবণ জাতি। যেকোনো বিদায়ই তো স্বাভাবিক, একটু আবেগ কাজ করে। দেশের জন্য সে অনেক কিছু দিয়েছে। সে যে নিবেদন ও দৃঢ়প্রতিজ্ঞার উদাহরণ তৈরি করে গেছে, তা বাংলাদেশ ক্রিকেটে সব সময়ই থাকবে।’ এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলকও তার দখলে। এখন পর্যন্ত ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে ৩টি ডাবল সেঞ্চুরি, ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ-সেঞ্চুরিসহ তার রান ৭ হাজার ৬২। আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
