উন্নত চিকিৎসার জন্য জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ সাদ উদ্দিন ভারতের মুম্বইয়ের গেছেন। গতকাল এয়ার ইন্ডিয়ার একটি সরাসরি ফ্লাইটে বড় ভাইকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি। গত ১১ই নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গুরুতর চোটে পড়েন সাদ। ৪-০ গোলে জেতা সেই ম্যাচের শেষ দিকে গোড়ালির রগে (অ্যাকিলিস টেন্ডন) চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাকে। এমআরআই রিপোর্টে চোটের গভীরতা ধরা পড়ার পর থেকেই ক্রাচে ভর দিয়ে চলাফেরা করছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। এই ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিটকে যাওয়ার শঙ্কায় তিনি। কবে নাগাদ আবার সবুজ গালিচায় ফিরতে পারবেন, তা এখন নির্ভর করছে চিকিৎসকদের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার ওপর।
মাঠের বাইরে ছিটকে গেলেও সতীর্থ ও দেশের ফুটবল অভিভাবকদের পাশে পেয়েছেন সাদ। পাকিস্তানের বিপক্ষে সাফের সেমিফাইনাল ম্যাচে সাদের জার্সি উঁচিয়ে ধরে তার প্রতি সংহতি প্রকাশ করেছিলেন সতীর্থ হামজা-তপুরা। সতীর্থদের সেই আবেগঘন বার্তার পর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দল কমিটির সভার পর নির্বাহী কমিটির বৈঠকে সাদের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সিদ্ধান্তে সাদের চিকিৎসা, অস্ত্রোপচার, যাতায়াত এবং থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেয় ফেডারেশন। আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়ায় ‘ফিফা ক্লাব প্রটেকশন স্কিম’-এর আওতায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকলেও, দীর্ঘ প্রক্রিয়ার অপেক্ষা না করে সাদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে এগিয়ে এসেছে বাফুফে।
