দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর এবার ওয়ানডে ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ১লা ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে বল হাতে সাফল্য পেয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তাসকিন। এবারো সেই সাফল্যের পুনরাবৃত্তি চান তিনি। তবে অতীতের স্মৃতিতে আটকে না থেকে বর্তমানের দিকে মনোযোগ এই পেসারের।
সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাকে গুরুত্ব দিচ্ছেন তাসকিন। দলের জয়ের ক্ষেত্রে নিজের যেকোনো অবদান রাখতে চান তিনি। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘লাস্ট টাইমের স্মৃতিটা দারুণ। বাট স্মৃতি তো আসলে স্মৃতিই রয়ে যায়। বর্তমানেরটা আসলে ওইদিন মাঠে, পার্টিকুলার ডেতে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।’ সিরিজের শুরুটা জয়ে রাঙাতে পারলে পরের ম্যাচগুলোতেও তার প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। তাসকিন বলেন, ‘প্রত্যেকটা সিরিজের ফার্স্ট ম্যাচ অনেক ইম্পর্ট্যান্ট। যদি ভালো জয় দিয়ে শুরু হয়ে যায়, তখন আসলে যেহেতু এটা টিম গেম, ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স তো আছেই। টিম রেজাল্ট না করলে আসলে কোনো লাভ হয় না।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পান। তবে গ্রীষ্মকাল এগিয়ে আসায় পিচের আচরণে কিছুটা পরিবর্তন আসতে পারে। অনুশীলনের উইকেটে বল গ্রিপ করলেও মূল ম্যাচের পিচ কেমন হবে তা নিয়ে এখনই ধারণা করতে পারছেন না তাসকিন। ম্যাচের দিন মাঠে নামার পরই উইকেটের আচরণ বোঝা যাবে। কন্ডিশন অনুযায়ী বোলিং করার পরিকল্পনার কথা জানান এই পেসার। তাসকিন বলেন, ‘মাঠ যদি স্লো হয় তাহলে একর্ডিং টু দ্যাটই বোলিং করতে হবে। পিচে যেটা ডিমান্ড করে আসলে ওইটাই।’
টেস্ট সিরিজে হারের পর দলের মনোবল কিছুটা নেমে গেলেও ওয়ানডে ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তিনি। অতীতেও সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বোলিং আক্রমণ সাফল্য পেয়েছে। এবারো বোলাররা সেই ধারাবাহিকতা ধরে রাখবেন বলে বিশ্বাস তাসকিনের। নিজের দায়িত্ব নিয়েও পরিষ্কার এই পেসার। ব্যাটিংয়ের চেয়ে বল হাতেই দলের জয়ে অবদান রাখতে চান তিনি। তবে প্রয়োজনে শেষ দিকে দলের জন্য কিছু রান যোগ করার প্রস্তুতিও রাখছেন তাসকিন। তিনি বলেন, ‘মেইনলি তো আমি বোলারই। আর ব্যাট হাতে শেষের দিকে যদি পাঁচ-দশটা রান দলের প্রয়োজন হয়, সেটা করতে পারি- এটাই।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ভাবাচ্ছে দলকে। চাপের মুখে নিয়মিত উইকেট হারানো এবং পুরো ৫০ ওভার ব্যাটিং করতে না পারার সমস্যা প্রবল। তবে এই দুর্বলতা কাটিয়ে উঠতে অনুশীলনে কাজ করছেন ব্যাটাররা। দলের মূল ব্যাটাররা ব্যর্থতা পেছনে ফেলে এই সিরিজেই ঘুরে দাঁড়াবেন বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘লাস্ট বেশ কিছু ম্যাচেই আমরা আন্ডার প্রেসারে কলাপস করেছি। অনেক ম্যাচে হয়তো পুরো ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে দারুণভাবে কাজ করা হচ্ছে। আশা করছি, এগুলোর প্রতিফলন খুব দ্রুতই মাঠেও আসবে।’ ব্যাটারদের নিবেদন নিয়ে কোনো সন্দেহ নেই এই পেসারের।
সবাই নিজেদের ভুল শুধরে রান করার চেষ্টা করছেন। তাসকিন বলেন, ‘আমাদের দলের মূল ব্যাটাররাও কেউ ইচ্ছা করে ফেল করতে
চায় না। যখনই ফেল হয়েছে, তারা সেটা নিয়ে কাজ করে যাচ্ছে। আশা করছি, এই সিরিজ থেকেই ভালোটা শুরু হবে।’ ব্যাটিংয়ের উন্নতির পাশাপাশি দলগত প্রচেষ্টায় সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের এই পেসার। বোলিং ও ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ দিতে চায় বাংলাদেশ। টেস্ট সিরিজে ক্যাচ হাতছাড়া করার মাশুল দিতে হয়েছে দলকে। ওয়ানডে ক্রিকেটে এ ধরনের ভুল আরও বিপদ ডেকে আনতে পারে। তাই ফিল্ডিংয়ে সতর্ক থাকার পরামর্শ তাসকিনের। ক্যাচ ছাড়ার বিষয়ে তাসকিন বলেন, ‘না অবশ্যই আসলে মানে ক্যাচ ড্রপ আসলেই সুখকর নয় সেটা আমার বলে হোক বা যার বলেই হোক।
কিন্তু আশা করছি এই মিস্টেকগুলো হবে না কারণ যেহেতু হোয়াইট বলে শর্ট ফরম্যাট এই মিস্টেক হইলে কস্টলি হয়ে যাইতে পারে। বাট আশা করছি সবকিছু ভালো দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ।’ এই ভেন্যুতে ভবিষ্যতে বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই এই সিরিজে ভালো খেললে সামনের আসরের জন্যও বাড়তি প্রেরণা পাবে দল। তাসকিন বলেন, ‘ডেফিনেটলি যদি এখানে আমরা ভালো জয় দিয়ে খেলে যেতে পারি আমরা একটু হইলেও মোটিভেটেড থাকবো তাহলে ওই ম্যাচের জন্য।’
