শহীদ মিনার এলাকায় রাকিবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। হামলায় সাত থেকে আটজন অংশ নিয়েছিল। একটি নির্দিষ্ট এলাকা থেকে হামলাকারীদের ভাড়া করে ঢাকায় আনা হয়েছিল। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। গত রোববার রাতে এই হত্যার ঘটনাটি ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, এই নৃশংস হামলায় সাত থেকে আটজন সরাসরি অংশ নিয়েছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন একটি প্রেমঘটিত বিরোধের জেরে প্রতিপক্ষ গ্রুপটি রাকিবকে হত্যার পরিকল্পনা করে। ভাড়াটে খুনিদের মাধ্যমে এই অপারেশন চালানো হয়।
গত রোববার রাতে বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম তার বন্ধুদের নিয়ে শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে তিনি মোটরসাইকেল পার্ক করে বসার পরপরই ওতপেতে থাকা ৫-৬ জন সশস্ত্র হামলাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাতকরা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১০টা ৩৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে রাকিবের শরীরে পাঁচটি গভীর কোপের চিহ্ন এবং পিঠ ও পেটে গুলির ক্ষত পাওয়া গেছে।
রাকিবুলের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন