প্রত্যাবর্তনে গোলের পর কঠিন সময়ের গল্প শোনালেন মার্টিনেজ

ফন্ট সাইজ:

দীর্ঘ অপেক্ষার অবসান। চোটের কারণে ছয় সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকার পর ইন্টার মিলানের শুরুর একাদশে ফিরেই গোল করলেন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। তার প্রত্যাবর্তনের ম্যাচে গেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিলো ইন্টার। তবে ম্যাচ শেষে আলোচনায় তার গোলের পাশাপাশি গুরুতর চোট কাটিয়ে মাঠে ফেরার কঠিন লড়াইয়ের গল্পও। সান সিরোর ম্যাচে শনিবার শুরু থেকেই খেলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত ১০ই অক্টোবর উরুর পেশিতে চোট পাওয়ার পর এটিই ছিল তার প্রথম শুরুর একাদশে নামা। এর আগে গত সপ্তাহে বদলি হিসেবে কিছু সময় খেলেন তিনি। ফিরেই গোল করে বুঝিয়ে দিয়েছেন, দীর্ঘ বিরতি তার গোল করার ধার একটুও কমাতে পারেনি।
ম্যাচ শেষে নিজের চোটের ভয়াবহতা ও মাঠে ফেরার সংগ্রামের কথা জানান মার্টিনেজ। স্কাই স্পোর্ট ইতালিয়াকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘আমার চোটটা বেশ গুরুতর ছিল। তবে কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। এই প্রত্যাবর্তনের জন্য আমাকে ৪৬ দিন অপেক্ষা করতে হয়েছে। কখনো কখনো দিনে দু’টি করে অনুশীলন সেশন করেছি। শেষ পর্যন্ত ভালোভাবে ফিরতে পেরেছি, যাতে দলকে সাহায্য করতে পারি।’ মার্টিনেজের গোলের পর গেনোয়ার বিপক্ষে ইন্টারের জয় আরও সহজ হয়ে যায়। মার্কাস থুরাম করেন জোড়া গোল। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান পেতার সুকিচ। আগের ম্যাচে আতালান্তার সঙ্গে ৪-৪ গোলে ড্র করে দুই গোলের লিড হারানোর হতাশাও এদিন কাটায় ইন্টার।
দলের সাম্প্রতিক সমালোচনা নিয়েও কথা বলেন নিরাজ্জুরি অধিনায়ক। তার মতে, সমালোচনা মেনে নিয়ে মাঠের পারফরম্যান্সেই জবাব দিতে হবে। আতালান্তার বিপক্ষে পয়েন্ট হারানোর দায়ও এড়াতে চাননি তিনি।
মার্টিনেজ বলেন, ‘সমালোচনা মেনে নিতে হবে, কারণ এই পরিস্থিতি আমরাই তৈরি করেছি। ইন্টারকে তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে নিতে হবে। প্রতিটি ম্যাচ জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে হবে।’
শুধু গোল করাই নয়, আধুনিক ফুটবলে একজন স্ট্রাইকারের রক্ষণেও অবদান রাখা জরুরি বলে মনে করেন মার্টিনেজ। চোট কাটিয়ে অধিনায়কের এমন প্রত্যাবর্তন তাই ইন্টারের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি।