মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিচার শুরু হচ্ছে আজ (সোমবার)। এর মধ্যদিয়ে প্রথম কোনো এশীয় নেতা হিসেবে আইসিসি’র কাঠগড়ায় দাঁড়াচ্ছেন ৮১ বছর বয়সী এই সাবেক রাষ্ট্রপ্রধান। মাদকবিরোধী অভিযানের নামে হাজার হাজার মানুষ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এই বিচার চলছে। গত বছর ম্যানিলা থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তারের পর চার্টার্ড বিমানে করে তাকে নেদারল্যান্ডসের দ্য হেগে নিয়ে যাওয়া হয় এবং তখন থেকে তিনি সেখানে কারাবন্দি রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। প্রতিদিন চার ঘণ্টা করে চলতে যাওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ প্রায় ১০০ জন সাক্ষী উপস্থাপন করবে।
প্রাক-বিচারিক পর্যায়ের বিচারকরা জানান, বেসামরিক জনগণের ওপর পরিকল্পিত হামলার অংশ হিসেবে ৪৯টি ঘটনায় ৭৬ জনকে হত্যা ও হত্যাচেষ্টার পেছনে দুতের্তের দায় থাকার জোরালো ভিত্তি রয়েছে; যদিও সরকারি হিসেবেই তার মাদকবিরোধী অভিযানে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিচারের প্রথমদিনে দুতের্তে অভিযোগগুলো বুঝতে পারছেন কিনা এবং তিনি দোষ স্বীকার করেন কিনা, তা যাচাই করবেন বিচারকরা। ভুক্তভোগী পরিবারগুলো এই বিচারকে স্বাগত জানিয়েছে। এদিকে, দুতের্তের আমলের সাবেক পুলিশ প্রধান রোনাল্ড দেলা রোসাও আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে চলতি বছরের শুরুতে দেশটির সিনেট ভবনে নাটকীয় গোলাগুলি ও অভিযানের পর থেকে আত্মগোপনে রয়েছেন।
