কুষ্টিয়ার মিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া-মিরপুর শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে দুটি ব্যাংক ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অপরটি ভবনের দোতলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে আগুনের সূত্রপাত ঘটায়। পরে ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা (ফায়ার বুস্টার) ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষের একটি লেপ ও তোষক পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি শহিদুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পৃথক দুটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
