আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান। আদালত যেই রায় দিয়েছেন সে রায় বাস্তবায়ন হোক। তারপরে দেখা যাবে জনগণ আপনাদের কোন পর্যায়ে দাঁড় করায়।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এদেশে চলবে কিনা! তিনি বলেন, হত্যা করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আবার বাংলাদেশের মানুষকে উদ্ধারের কথা বলা হচ্ছে। তারা কী উদ্ধার করবেন, তা বাংলাদেশের জনগণের জানা আছে। আওয়ামী লীগ আগে যেসব বেআইনি কাজগুলা করে গেছেন, যেসব গণহত্যা চালিয়েছেন, ব্যাংক লুট করেছেন, গুম করেছেন, সেগুলোর বিচার আগে হোক, সেগুলার জবাব দিক।
ইয়াসের খান চৌধুরী বলেন, যারা দেশের অর্থ লুটপাট করেছে, পাচার করেছে জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে এবং গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত, তারা দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে, আগে তাদের এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, পিআইবির ডিজি ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান: তথ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
২২ মিনিট আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ৪ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
