ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল, নড়াইল ও বরগুনার বাস চলাচল বন্ধ
ফাইল ছবি

নিরাপত্তা শঙ্কা

ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল, নড়াইল ও বরগুনার বাস চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

নিরাপত্তা শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে এসব জেলা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

মানবজমিন প্রতিনিধিদের পাঠানো খবর—

খুলনা

নিরাপত্তার কারণে ফের পদ্মা সেতু হয়ে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সন্ধ্যা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প পথ হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করছে।

খুলনা কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে আজ রোববার সকালে কোনো পরিবহন ছেড়ে যায়নি। কোনো গাড়ি ছাড়তে চাইলেও যাত্রীরা যেতে চাইছেন না। তবে বিকল্প রুট হিসেবে যশোর-মাগুরার পথ ব্যবহার করা হচ্ছে।

খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সকল গাড়ি বন্ধ রাখা হয়েছে। আজ রোববার সকাল থেকে গাড়িগুলো বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা রোড ব্যবহার করা হচ্ছে।’

বরিশাল

ব‌রিশাল থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে। নাশকতার শঙ্কায় বাস চলছে না। তবে অভ‌্যন্তরীণ রু‌টে কিছু বাস চলছে বলে জানিয়েছে বাস মা‌লিক স‌মি‌তি। শ‌নিবার রাত থে‌কেই ব‌রিশা‌লের দু‌’টি বাসস্ট্যান্ড থে‌কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হ‌য়ে যায়। আজও একই অবস্থা। রূপাতলী ও নথুল্লাবা‌দে বন্ধ রাখা সারি সারি বাস দাঁড়িয়ে আছে।

বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক মনোয়ার হো‌সেন জানান, নাশকতার শঙ্কায় বাস ম‌লিকেরা বাস চালাতে অনাগ্রহী। কিছু বাস ছেড়ে গেলেও তারা গোপালগ‌ঞ্জের আগে টেকেরহাট পর্যন্ত গিয়ে যাত্রী নামিয়ে ফিরে আস‌ছে। ত‌বে অভ্যন্তরীণ রু‌টে বাস চল‌াচল স্বাভা‌বিক ব‌লে দা‌বি ক‌রেন তিনি। দূলপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বরগুনা

নিরাপত্তা শঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার সকাল থেকে বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর ২ টায় বরগুনা সদরে নতুন বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে না। ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা অনেক যাত্রী বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে চাওয়া যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। এদিকে বরগুনা-বরিশাল, বরগুনা-নিশানবাড়িয়াসহ অভ্যন্তরীণ কয়েকটি রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. রোকনুজ্জামান সালাম বলেন, ‘বরগুনা থেকে বরিশালসহ বিভাগের বিভিন্ন রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী পরিবহন শনিবার রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস ফিরেও আসছে। তবে নিরাপত্তার স্বার্থে রোববার রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের আশঙ্কায় মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।’


নড়াইল

নিরাপত্তা শঙ্কায় নড়াইল-ঢাকা রুটসহ সকল দূর পাল্লার রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ রোববার ভোর ৫টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পদ্মা সেতু হয়ে নড়াইল-ঢাকা রুটের সকল যাত্রীবাহী বাস সার্ভিসের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। রোববার সকালে নড়াইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টার বন্ধ। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মোড় ও হাতিবাগান মোড়ের বাস কাউন্টারগুলি বন্ধ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা বাস না পেয়ে টার্মিনালে অপেক্ষা করছেন। অনেকে জরুরী কাজে ঢাকায় যেতে না পেরে ফিরে যাচ্ছেন।