নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন

নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন

ফন্ট সাইজ:

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বাড়িসহ অন্তত ৯টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় সাবেক এমপির ভাতিজা আগুনে পুড়ে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার রাত আটটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। আবু বকর রানা পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে বিশকাকুনী ইউনিয়নে পুটিকা বাজারে গিয়ে জয় বাংলা স্লোগান দিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের বাধা দেন। এ সময় আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় আহত যুবদল নেতা আবু বকর রানাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এঘটনার পরে বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা । এরপর নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক এমপি আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমেরিকা প্রবাসী আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত ৯টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে সাবেক এমপির ভাতিজা দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

পূর্বধলা থানার ওসি মুঠোফোনে বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এই ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’