চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও অন্য কর্মীরা বাড়িতে চলে যান। শনিবার সকালে অফিসে এসে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন। ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ দায়িত্বে ছিলেন।
তিনি বলেন, ভোরে আলো ফোটার আগে কয়েকজন দুর্বৃত্ত নিরাপত্তাকর্মীর চোখ এড়িয়ে ব্যাংকের নিরাপত্তাপ্রাচীরের ভেতরে প্রবেশ করে। প্রথমে সেখানে গানপাউডার ছিটানো হয়। পরে ব্যাংকের সামনের সাইনবোর্ড, ফটকের ভেতরের অংশ ও দ্বিতীয় তলার দিকে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটায়। অন্যটি বিস্ফোরিত হয়নি।
নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বিষয়টি জানিয়ে ফোন করলে ব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরিত না হওয়া পেট্রলবোমাটি পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন আরও বলেন, পুলিশের আগাম সতর্কবার্তা থাকায় আগুন নেভানোর প্রস্তুতি হিসেবে ব্যাংকে বালু ও বালতিভর্তি পানি রাখা হয়েছিল। এ কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সকালে পুলিশ ও গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, শনিবার সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডি থেকে অগ্নিসংযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি বিভিন্ন আইডি থেকে শেয়ার করা হয়।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তখন আগুন জ্বলতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও উৎসও খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওতে এআই প্রযুক্তির ব্যবহার রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
