মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে আগে থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। অনুষ্ঠানটি বাতিলের দাবিও উঠেছিল। এবার সেই কনসার্টেই মাদকবিরোধী অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। অভিযানে প্রায় ৪০ জনের ডোপ টেস্ট করে দুজনের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। পরে তাদের আটক করা হয়। আটক দুজনের একজন কেনিয়ার নাগরিক। গত শুক্রবার পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল এ অভিযান পরিচালনা করে।
এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সদ্য চালু হওয়া মোবাইল ফরেনসিক ভ্যান ব্যবহার করে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় পজিটিভ ফল আসার পর দুজনকে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস)-এর আওতায় আটক করা হয়। এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) এক পদাধিকারী তাডদেও থানায় লিখিত অভিযোগ দিয়ে কনসার্ট নিয়ে আপত্তি জানান।
অভিযোগে বলা হয়, মহালক্ষ্মী রেসকোর্স ও এনএসসিআই ডোমে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মাদক বিক্রি ও সেবনের ঘটনা ঘটে। এসব অভিযোগ তুলে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট বাতিলের দাবিও জানিয়েছিলেন এমএনএসের ওই প্রতিনিধি। এর মধ্যেই কনসার্টে পুলিশের মাদকবিরোধী অভিযান ও দুজনের ডোপ টেস্টে পজিটিভ ফল আসার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
