নিরাপত্তার কারণে ফের পদ্মা সেতু হয়ে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সন্ধ্যা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প পথ হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।
খুলনা কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে আজ রোববার সকালে কোনো পরিবহন ছেড়ে যায়নি। কোনো গাড়ি ছাড়তে চাইলেও যাত্রীরা যেতে চাইছেন না। তবে বিকল্প রুট হিসেবে যশোর-মাগুরার পথ ব্যবহার করা হচ্ছে।
টুঙ্গিপাড়া পরিবহনের টিকিট বিক্রেতা রুবেল জানান, শনিবার সন্ধ্যা থেকে সব টিপ বন্ধ রয়েছে। সড়কে নিরাপত্তা না থাকায় ঢাকা-খুলনা রুটের সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। সড়কে নিরাপত্তা ফিরলে পুনরায় এ রুটে গাড়ি চালু করা হবে।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সকল গাড়ি বন্ধ রাখা হয়েছে। আজ রোববার সকাল থেকে গাড়িগুলো বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা রোড ব্যবহার করা হচ্ছে।’
