শ্রীপুরে উপজেলা প্রশাসনের আঙিনা ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ

শ্রীপুরে উপজেলা প্রশাসনের আঙিনা ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আঙিনা ও মাওনা চৌরাস্তা উড়ালসেতু এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দু’টি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া জানান, শনিবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে তার সরকারি বাসভবনের সামনের সড়কে উপজেলা প্রশাসনের আঙিনায় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় অবস্থান করছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।
ইউএনও আরও জানান, বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উড়ালসেতুর নিচে পূর্ব ও পশ্চিম পাশে পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে তারা নিরাপদ স্থানে সরে যান। রাত হওয়ায় ওই এলাকায় লোকজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রীপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। দু’টি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’