আ.লীগ-ঘনিষ্ঠ আমলাদের সরানোর পরিকল্পনা

সহযোগীদের খবর

আ.লীগ-ঘনিষ্ঠ আমলাদের সরানোর পরিকল্পনা

ফন্ট সাইজ:

সমকাল

দৈনিক সমকালের প্রথম পাতার খবর ‘আ.লীগ-ঘনিষ্ঠ আমলাদের সরানোর পরিকল্পনা’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রশাসন ক্যাডারের যেসব কর্মকর্তা এখনও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, তাদের অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের কয়েকটি ব্যাচের নেতারা এ উদ্যোগ নিয়েছেন। ভিন্নমতাবলম্বী ওই সব কর্মকর্তার বিরুদ্ধে দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন তারা।

এরই মধ্যে ওই কর্মকর্তাদের চিহ্নিত করে বিভিন্ন ব্যাচ থেকে পৃথক তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এই তালিকা ধরে তাদের অপসারণ করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বিষয়ে বিভিন্ন ব্যাচের শীর্ষ নেতাদের মতবিনিময় সভা হয়। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে সচিব, জেলা প্রশাসক (ডিসি), বিভিন্ন সংস্থার প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা হয়। তাদের ওই পদগুলো থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান উপস্থিত নেতারা।

সভায় একটি ব্যাচের সভাপতি অভিযোগ করেন, তাদের ব্যাচের কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন। এই কর্মকর্তাদের অবিলম্বে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার প্রস্তাব দেন তিনি।

সভায় কয়েকজন নেতা চট্টগ্রামের সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে আটকের প্রসঙ্গ টেনে .বলেন, গত বুধবার রাতে তাঁকে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে প্রয়োজনে এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন তারা।

রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়ামে) ভবনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

বৈঠক সূত্র জানায়, বিভিন্ন ব্যাচের নেতাদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে অ্যাসোসিয়েশন। সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, সার বিতরণসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম সরকারের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশল অনুযায়ী পরিচালনার বিষয়েও আলোচনা হয়। দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়ার কথা জানান নেতারা। আসন্ন ইউএনও ও ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন চলমান বিষয় তুলে ধরার কৌশল নিয়েও আলোচনা করেন তারা।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে আইনগত বিধিনিষেধ রয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য হতে কিংবা অন্য কোনোভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না। এ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন ক্যাডারের একাধিক কর্মকর্তা সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন। দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া, বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালনসহ নানা কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা ছিল। বর্তমান বিএনপি সরকারের আমলেও কয়েকজন কর্মকর্তা দলটির বিভিন্ন পদে থাকার পর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

জানতে চাইলে সাবেক সচিব একেএম আবদুল আউয়াল মজুমদার সমকালকে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় কিছু কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘন করে বাড়াবাড়ি করেছেন, এটা সত্য। তবে কারা তখন বাড়াবাড়ি করেছেন এবং এখন কাদের আস্থায় নেওয়া উচিত, তা সরকারকে নিজস্ব প্রক্রিয়ায় নির্ধারণ করতে হবে। এভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না। তবে কর্মকর্তাদের মধ্যে এ ধরনের উদ্যোগে সিভিল সার্ভিসের তিক্ততা ও বিভাজন আরও বাড়তে পারে, যা কারও জন্য মঙ্গলজনক হবে না। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের এভাবে বৈঠক করা আচরণবিধির পরিপন্থি। কর্মকর্তাদের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে দেওয়া সমীচীন নয়।

অ্যাসোসিয়েশনের বক্তব্য

অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেন, একেকজন একেক রকম কথা বলবেন। তবে এসব অ্যাসোসিয়েশনের ইস্যু নয়; এগুলো রাষ্ট্রের কাজ, গোয়েন্দাদের কাজ। তারা বিষয়গুলো দেখবে। পুরো অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না, তাই সবার বক্তব্য শোনেননি বলে দাবি করেন তিনি।

মহাসচিব বলেন, এবার প্রথমবারের মতো এমন সভার আয়োজন করা হয়েছে। এখন থেকে নিয়মিত এ ধরনের সভা হবে। এর মাধ্যমে নানা কৌশলে দেশের জন্য বিভিন্ন কাজ করা যাবে। প্রায় প্রতিটি ব্যাচের কমিটি রয়েছে। এসব কমিটির মাধ্যমে কর্মকর্তাদের কাছে সরকারের বিভিন্ন বার্তা সহজে পৌঁছে দেওয়া সম্ভব।

জানা গেছে, ব্যাচভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের যোগাযোগ আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি মাঠ পর্যায়ে সরকারি কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সভায় বিভিন্ন ব্যাচের সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিব এবং কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ৪১তম বিসিএসের নেতারাও অংশ নেন।

আগের সরকারের সময়ও ছিল চাপের রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সময় সচিব, ডিসি ও বিভিন্ন সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়ন বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’। সংগঠনটির নেতারা নানা উপায়ে প্রতিবাদ ও চাপ সৃষ্টি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে তখন অনেক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন বাতিল করা হয়। কয়েকজনকে ওএসডি এবং চাকরিচ্যুতও করা হয়েছিল। বর্তমান সরকারের আমলেও প্রশাসনের কর্মকর্তাদের একটি অংশের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অপসারণের দাবি উঠেছে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গত কয়েক দিনে পুলিশের একাধিক কর্মকর্তা গ্রেপ্তার ও প্রত্যাহার হয়েছেন।

গত ১৪ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ আরআরএফের পুলিশ সুপার জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। ২৪ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার অভিযোগে এসআরবি-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন পিবিআইর সুপার আবুল কালাম আজাদ ও নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়। ২৬ নভেম্বর ময়মনসিংহে কর্মরত পরিদর্শক সেলিম মিয়াকে গোপালগঞ্জে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার করা হয়।

এ ছাড়া গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এসব পদক্ষেপের কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, পুলিশে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে নজরদারি জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন, ষড়যন্ত্রে জড়িত থাকার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর নজর রাখা হচ্ছে। তিনি বলেন, সরকারি চাকরিতে রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়াই দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রথম আলো

‘রোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়ে’—এটি প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, পবিত্র রমজান মাস শুরুর আর দুই মাস বাকি। এরই মধ্যে রোজায় বেশি চাহিদা থাকে, এমন বেশির ভাগ পণ্যের আমদানি বেড়েছে। ঋণপত্রও খোলা হচ্ছে। আমদানি ও ঋণপত্রের প্রবণতা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবার রোজায় সয়াবিন তেল ছাড়া প্রায় সব পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক। শীতের কারণে সয়াবিনের বাড়তি চাহিদা মেটাতে ঋণপত্র খোলার হার না বাড়লে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাসে ছোলা, মসুর ডাল, চিনি, পাম তেল, গম ও খেজুরের আমদানি বেড়েছে। বিপরীতে অপরিশোধিত সয়াবিন তেল ও সয়াবিন বীজের আমদানি এবং ঋণপত্র খোলার পরিমাণ কমেছে। মটর ডালের আমদানি কমলেও এই পণ্যে সরবরাহ সংকটের আশঙ্কা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে, রোজার মাসে ছোলা, মসুর ডাল ও মটর ডালের চাহিদা থাকে প্রায় ১ লাখ টন করে। চিনি ও ভোজ্যতেলের চাহিদা থাকে প্রায় তিন লাখ টন করে।

নিত্যপণ্য প্রক্রিয়াজাতকারী অন্যতম বড় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, সরকার রোজার পণ্য আমদানিতে ঋণপত্রের সুবিধা দেওয়ায় চিনি, গম, পাম তেল ও ডালের মতো পণ্যের আমদানি বেড়েছে। রোজার আগে সরবরাহ আরও বাড়বে। ফলে এবার রোজার পণ্যের সংকট হওয়ার কথা নয়।

এসব পণ্যের চাহিদার বড় অংশই আমদানি করে মেটাতে হয়। নভেম্বর থেকে আমদানি হওয়া পণ্যগুলোর একটি অংশ নিয়মিত চাহিদা মেটানোর পাশাপাশি রোজার বাজারেও সরবরাহ হবে।

ব্যবসায়ীরা বলছেন, দু–একটি ছাড়া বেশির ভাগ পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বস্তিদায়ক। যেসব পণ্যের আমদানি এখনো কম, সেগুলোর সরবরাহ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে রোজার বেশ আগেই খেজুরের শুল্কহার কমানোয় ভোক্তাদের সুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে কম শুল্কহারে খেজুর খালাসও শুরু হয়েছে।

নিত্যপণ্য প্রক্রিয়াজাতকারী অন্যতম বড় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, সরকার রোজার পণ্য আমদানিতে ঋণপত্রের সুবিধা দেওয়ায় চিনি, গম, পাম তেল ও ডালের মতো পণ্যের আমদানি বেড়েছে। রোজার আগে সরবরাহ আরও বাড়বে। ফলে এবার রোজার পণ্যের সংকট হওয়ার কথা নয়।

সয়াবিনের বাড়তি চাহিদা মেটানো নিয়ে শঙ্কা

ভোজ্যতেলের মধ্যে দেশে সবচেয়ে বেশি আমদানি হয় পাম তেল। তবে শীতকালে পাম তেল ঘন বা জমাট বেঁধে যাওয়ায় এ সময় সয়াবিন তেলের চাহিদা বেড়ে যায়। বাজারজাতকারী কোম্পানিগুলোর দাবি, খুচরা বাজারে খোলা সয়াবিন তেল হিসেবে বিক্রি হওয়া তেলের একটি বড় অংশ পাম তেল। শীতে পাম তেল বিক্রির সুযোগ কমে আসে।

এবার রোজার পণ্যের বেচাকেনা শুরু হবে জানুয়ারিতে। আবহাওয়া অধিদপ্তরের তিন মাস মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে। তখন কোনো কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর ‘মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের কথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা রয়েছে। কর্মসূচির আড়ালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার আশঙ্কা করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে। তারা জানিয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া কোথাও কোথাও প্রতিবাদ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, দলীয় কার্যালয় এবং নিজ নিজ সাংগঠনিক এলাকায় সক্রিয় থাকার কথা বলেছেন এই তিন দলের নীতিনির্ধারকরা। কয়েকদিন ধরেই আলোচনায় আছে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা। তার মুখপাত্রের বরাতে এ তথ্য প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা আরও বেড়েছে। বিজয়ের মাসে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের কর্মসূচি সাজিয়েছে। সরকারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে।

সূত্র বলছে, কয়েকদিনের মাঠপর্যায় পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রতিহতের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এই ইস্যুতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। নাশকতা মোকাবিলায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে রাজপথে রয়েছেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় ইতোমধ্যে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ-সদস্যসহ মহানগর ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতারা মাঠে থাকবেন। তারা সর্বাত্মকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। বিএনপির নেতাকর্মীরা কোনো সংঘর্ষে যেতে চান না। তিনি বলেন, জনজীবনে অশান্তি সৃষ্টিকারী ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যাতে দুর্বল হয়ে যায়-এমনটাই আমাদের প্রত্যাশা। ইতোমধ্যে আগের চেয়ে তারা অনেক দুর্বল হয়েছে। এজন্য যে কৌশল প্রয়োগ করা দরকার, আমাদের নেতাকর্মীরা তা করবে।

কালের কণ্ঠ

‘মালিকের চ্যালেঞ্জ শ্রমিকের স্বস্তি’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন রিনা আক্তার। দুই সন্তানের মা রিনার মাসিক বেতন ছিল ১২ হাজার ৫০০ টাকা।

নতুন মজুরি কাঠামোয় তা বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা। মাসে বাড়তি সাড়ে চার হাজার টাকা তাঁর জন্য নিয়ে এসেছে স্বস্তির প্রত্যাশা। রিনা বলেন, ‘আগের বেতনে সংসার চালাতে অনেক কষ্ট হতো। এখন কিছুটা সঞ্চয় করার পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটাতে পারব বলে আশা করছি।’

রিনার এই স্বস্তির প্রত্যাশার বিপরীতে তৈরি পোশাক কারখানার মালিকদের সামনে এখন বাড়তি ব্যয়ের হিসাব। শ্রমিকদের সর্বনিম্ন গ্রেডে বেতন বেড়েছে চার হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। অন্য গ্রেডে বেড়েছে চার হাজার ৫০০ থেকে ছয় হাজার ৪৬৫ টাকা। নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ডিসেম্বরের বর্ধিত বেতন শ্রমিকরা পাবেন জানুয়ারিতে।

ফলে একদিকে শ্রমিকদের আয় বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার প্রত্যাশা, অন্যদিকে উৎপাদন ব্যয় বৃদ্ধি, ক্রয়াদেশের দর এবং কারখানার আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ—দুইয়ের মধ্যে নতুন করে সমীকরণ মেলাতে হচ্ছে দেশের প্রধান রপ্তানি খাতকে।

মজুরি কাঠামো বাস্তবায়নে অন্তত ছয় মাস সরকারের সহযোগিতা চাইছেন মালিকরা। একই সঙ্গে ভবিষ্যৎ ক্রয়াদেশে বাড়তি উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকের মূল্য সমন্বয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সহযোগিতা প্রত্যাশা করছেন তাঁরা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান কালের কণ্ঠকে বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হবে। সেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি।’

তিনি জানান, মজুরি বৃদ্ধির ফলে কারখানাগুলোর বাড়তি ব্যয়ের পরিমাণ, কত অর্ডার বাতিল হয়েছে এবং অতিরিক্ত কত কর্মঘণ্টা ব্যয় করতে হবে, তা নিরূপণ করছে বিজিএমইএ। এ জন্য সংগঠনটির পোর্টালে সদস্য কারখানাগুলোর কাছে তথ্য ও মতামত চাওয়া হয়েছে। তথ্য সংগ্রহ শেষে শিল্পের ওপর নতুন মজুরি কাঠামোর প্রকৃত প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

মাহমুদ হাসান খান বলেন, ‘অন্তত ছয় মাস সরকারের কিছু সাপোর্ট লাগবে। কারণ এক মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করতে হবে। জানুয়ারিতে বর্ধিত বেতন পরিশোধ করতে হবে।’

তাঁর মতে, ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর জন্য এই বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হতে পারে। নতুন কাঠামো কার্যকরের আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ায় বাস্তবায়নেও কিছু জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইত্তেফাক

‘আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কর্মসূচি’-কে কেন্দ্র করে নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় অভিন্ন অবস্থানে ক্ষমতাসীন বিএনপিসহ বিরোধী দল-জোটগুলো। পৃথক কর্মসূচি ঘোষণা করে ইতিমধ্যেই মাঠে নেমেছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দল-জোটগুলোও সক্রিয়।

মাঠে রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে সংলাপ বা মতবিনিময় অব্যাহত রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, সেটির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক এনসিপির সঙ্গে গত সোমবার মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু করেছেন তিনি। শিগিগরই তিনি বসবেন জামায়াতসহ দলটির নেতৃত্বাধীন জোটের সঙ্গে। রাজনৈতিক দল-জোটগুলো ছাড়াও প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে মতবিনিময় করবেন জুলাইয়ের শরিক অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও।

চলমান পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সরকার ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা তত্পরতা। কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী নাশকতা-চক্রান্তের সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে দেশব্যাপী অভিযানও পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি সম্পর্কে সরকার ইতিমধ্যে বিদেশি কূটনীতিকদেরও অবহিত করেছে।

৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে কর্মসূচি পালন ও দলগুলোর সঙ্গে সংলাপের পর আগামী বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সরব থাকবে বিএনপি ও জামায়াত-এনসিপিসহ দলগুলো। নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে ইউপি নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী প্রথম পর্বের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। পঞ্চম ধাপের ভোট শেষ হবে ২৭ মে। ইউপি নির্বাচন সামনে রেখে ইসি আজ রবিবার থেকে মতবিনিময় শুরু করছে দল-জোটগুলোর সঙ্গে। সব মিলিয়ে আগামী বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের জনগণের দৃষ্টি থাকবে ইউপি নির্বাচনের দিকে। এর মাঝে ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে শুরু হচ্ছে রোজা।

রোজার মাসে বিএনপিসহ দলগুলো রাজনৈতিক কর্মসূচি রাখবে কি না, সেটি নির্ভর করবে পরিস্থিতির ওপর। সরকার বা প্রশাসনের তত্পরতার পাশাপাশি রাজপথে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তির সক্রিয় থাকার লক্ষ্যে বিএনপি ও এনসিপি ডিসেম্বরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীও ৪০ দিনের কর্মসূচি পালন শুরু করেছে। আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার থেকে গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি। এরপর ধাপে ধাপে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত দলটির কর্মসূচি চলবে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কর্মসূচিতে অংশ নেবেন।

বিজয়ের মাসের প্রথম দিন আগামী মঙ্গলবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের মধ্য দিয়ে দলটির মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। দলের শীর্ষ নেতাদের নিয়ে গতকাল শনিবার সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রথম পাতার খবর ‘পাহাড়ে অস্থিরতার ভয়ঙ্কর ছক’। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে রাখাইন রাজ্য দখলে নেয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তত্ত্বাবধানে বাংলাদেশের পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)

দুই শতাধিক যোদ্ধা সশস্ত্র প্রশিণ নিতে মিয়ানমারে অবস্থান করছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। কোণঠাসা সশস্ত্র এই দুই গোষ্ঠীর টার্গেট আগামী এক মাসের মধ্যে পাহাড়কে অস্থিতিশীল করে বড় ধরনের হামলার করা। গোয়েন্দা সূত্র জানায়, বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে পালিয়ে যাওয়া ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ইউপিডিএফের (প্রসীত) ও মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা এক জোট হয়েছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, চাঁদাবাজিতে পিছিয়ে যাওয়া ইউপিডিএফের (প্রসীত) সম্প্রতি পাহাড়ের আরেক সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু) সম্প্রতি সাজেক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা দখলে নেয়ার পর সেই এলাকা পুনরুদ্ধারের জন্য মিয়ানমারে সামরিক প্রশিণ নিচ্ছেন। এমনকি মিয়ানমার সরকারের জান্তা বাহিনী রাখাইনের মংডু ২৭১ কিলোমিটার দখলের পর ক্যাম্পগুলোতে থাকা ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে নেয় আরাকান আর্মি। যার ফলে অধিক অস্ত্র মজুদ থাকায় সেই অস্ত্র কুকি চিন ও ইউপিডিএফ সদসদের প্রশিণ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

স্থানীয় সূত্র জানায়, সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু) সম্প্রতি সাজেক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা দখলে নেয়ার পরিশোধের আগুনে জ্বলছে ইউপিডিএফের (প্রসীত) এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে।

সম্প্রতি পার্বত্য অঞ্চলে সরেজমিনে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে কথা হয় কয়েকজন স্থানীয়দের সাথে। যাদের সাথে ইউপিডিএফ ও কেএনএফ যোগাযোগ আছে।

তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের সীমান্ত সংযোগস্থলে গড়ে উঠেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, ইউপিডিএফ ও কুকি চিনের অভিন্ন নেটওয়ার্ক। মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত রুট ব্যবহার করে দেশে ঢুকছে আধুনিক অস্ত্র ও গোলাবারুদ, যা সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও শান্তিচুক্তির স্থিতিশীলতাকে বড় ঝুঁকিতে ফেলেছে।

এক দিকে মিয়ানমার, অন্য দিকে ভারত সীমান্ত। তিন দেশের সীমান্ত সংযোগস্থলে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীগুলোর এক নজিরবিহীন ও উদ্বেগজনক সামরিক মেরুকরণ সৃষ্টি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, বান্দরবানের কুকি চিন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফ এই তিন আলোচিত সশস্ত্র সংগঠন পাহাড়ের পরিস্থিতিকে ভয়ঙ্কর করতে এক মঞ্চে জোট বেঁধেছে।

বণিক বার্তা

‘২০৩০ সালে দেশে এলএনজি আমদানি ব্যয় ছাড়িয়ে যেতে পারে ১০ বিলিয়ন ডলার’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশে গ্যাসের চাহিদা মেটাতে পেট্রোবাংলা বছরে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের (প্রায় ৬০ হাজার কোটি টাকা) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে। দেশীয় গ্যাসে উৎপাদন না বাড়লে আগামী বছরগুলোয় আমদানির পরিমাণ আরো বাড়তে পারে। বিশেষ করে বিদ্যমান এলএনজি আমদানি চুক্তি ও অবকাঠামো সম্প্রসারণ হলে আমদানি ব্যয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বড় চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক একটি সংস্থার গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশে এলএনজি আমদানি বাড়াতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল ও ভাসমান এলএনজি অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যমান চুক্তির পাশাপাশি বিভিন্ন দেশ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির চেষ্টাও চলছে। বিশেষ করে কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এসব বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি জোগাতে ২০৩০ সাল নাগাদ বছরে ১০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। আর ২০৪০ সাল নাগাদ এ ব্যয় ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেসের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী।

এলএনজি আমদানিতে প্রতি বছর সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়ছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। তবে পেট্রোবাংলার হিসাবে এ সময়ে ভর্তুকির পরিমাণ প্রায় ৩৩ হাজার কোটি টাকা।

মিডি পরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে ১৩ হাজার মেগাওয়াট নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সম্ভাব্য ব্যয় ১৯ বিলিয়ন ডলার। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ সক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণে ব্যয় হতে পারে আরো ১ বিলিয়ন ডলার।

প্রতিবেদনের প্রাক্কলন অনুযায়ী, ২০৪০ সালে বছরে ২৫ মিলিয়ন টন এলএনজি আমদানির প্রয়োজন হতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও এজন্য বছরে ব্যয় হতে পারে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। মধ্যম পরিস্থিতিতে ব্যয় দাঁড়াবে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর উচ্চ মূল্য অব্যাহত থাকলে তা বেড়ে ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘আ.লীগের কর্মসূচি: সহিংস কর্মসূচি ঘিরে আবার উদ্বেগে মানুষ’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ধারণা, ডিসেম্বর সামনে রেখে দলটির কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হবে।

আজ রোববার ও আগামীকাল সোমবার ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির আগে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ অন্তত ১০টি জেলায় নাশকতার ঘটনা ঘটে। কোথাও আগুন দেওয়া হয়েছে বাস-ট্রেনে, কোথাও পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, রাজনৈতিক নেতাদের বাড়িতে। হামলার লক্ষ্যবস্তু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ ব্যারাকও।

রাজধানীর মালিবাগ, মগবাজার ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কয়েকটি আসন ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন-মালিকেরা। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় গতকাল বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে বিকল্প হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

২০২৪ সালে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর এক মাসের বেশি সময় ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক সহিংসতা হয়। জেলার দুই থানা ও বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়। নড়াইলের কালিয়ায় বিএনপির দুই কর্মীকে হত্যার পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দেশ রূপান্তর

‘বহুমুখী কৌশলে বিএনপি’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, নাশকতা এবং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ক্ষমতাসীন বিএনপি বহুমুখী কৌশল গ্রহণ করেছে। দলটির নেতারা বলছেন, যে জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে সেই জনগণকে সঙ্গে নিয়েই দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি যেহেতু দলটি সরকারে রয়েছে, সেহেতু সরকারও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আইনি পদক্ষেপ নেবে।

সংশ্লিষ্ট সূত্রের আভিযোগ, আওয়ামী লীগের পলাতক নেতারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে অরাজকতা তৈরি করতে। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের যত মাধ্যমে রয়েছে সেগুলোতে নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। এর বাইরে সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো বন্ধে নজরদারি অব্যাহত থাকবে। সারা দেশের যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেখানে দলীয় এমপিরা সক্রিয় ছিলেন কি না সে বিষয়েও খোঁজখবর রাখবে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সবাই নিজ নিজ এলাকায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশ রূপান্তরকে বলেন, ‘৫ আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণ রাজপথে নেমে এসেছিল। তারাই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়েছে। ৫ আগস্টের আগের মতোই জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকান্ড মোকাবিলা করা হবে।’

গত ২৬ নভেম্বর তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দলের প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু ও বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।

টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ডিসেম্বর মাসকে সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা এই টিমের প্রধান লক্ষ্য। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কায় কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে স্থানীয় সাংগঠনিক শক্তি, অভ্যন্তরীণ বিরোধ ও দুর্বলতা নিয়ে আলোচনা করেছে টিমটি।