নেতারা কে কোথায় ঈদ করবেন

ফন্ট সাইজ:

দীর্ঘ দুই দশক পর ভিন্ন পরিবেশে ঈদ উদ্‌যাপনের সুযোগ পাচ্ছেন বিএনপি নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে সরকার গঠনের পর প্রথম ঈদ পালন করবেন তারা। এবার ঈদ উদ্‌যাপন করতে বেশির ভাগ মন্ত্রী-এমপি ও সিনিয়র নেতা এলাকায় যাচ্ছেন। পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন তারা। সূত্র মতে এলাকার জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানেরও নির্দেশনা রয়েছে। মন্ত্রী-এমপিরা এলাকায় যাবেন বলে তৃণমূল নেতাকর্মীরাও উজ্জীবিত।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর এবার সপরিবারে দেশে ঈদ উদ্‌যাপন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন তিনি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী-এমপি, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা-মাশায়েখ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সরকারে অনেক মন্ত্রী-এমপি ও বিএনপি’র সিনিয়র নেতারা সকালে জাতীয় ঈদগাঁ ময়দানসহ বিভিন্ন স্থানে নামাজ শেষে যমুনায় শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেবেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন তারা। এরপর তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে কেউ কেউ সকালে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদ্‌যাপন শেষে ঢাকায় ফিরবেন।

সূত্র মতে, স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। পরদিন নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও যাবেন তিনি। প্রতি বছরের মতো এবারো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিজ এলাকা কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে। বিদুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদ করবেন ঢাকায়। মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের নিজ এলাকা দিনাজপুরে যাওয়ার কথা রয়েছে। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক সিলেট, তথ্য ও সমপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লা, বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা মানিকগঞ্জ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাট, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দীপেন দেওয়ান রাঙ্গামাটি, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুর, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইল, সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির ও মাহদী আমিনও ঢাকায় ঈদ করবেন। তবে হুমায়ুন কবিরের সিলেট যাওয়ারও কথা রয়েছে।

এছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরে, অনিন্দ্য ইসলাম অমিত যশোর, মো. শরীফুল আলম কিশোরগঞ্জ, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল, ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়, মো. আমিনুল হক ঢাকা, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম, হাবিবুর রশিদ হাবিব ঢাকায়, মো. রাজীব আহসান ঢাকায়, মো. আব্দুল বারী জয়পুরহাট, মীর শাহে আলম বগুড়া, জোনায়েদ আব্দুর রহিম সাকি ঢাকা, ইশরাক হোসেন ঢাকা, ফারজানা শারমীন নাটোর, শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট, নুরুল হক নুর পটুয়াখালী, ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ, এম ইকবাল হোসেইন ময়মনসিংহ, এমএ মুহিত সিরাজগঞ্জ, আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুর, ববি হাজ্জাজ ঢাকা, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ীতে ঈদ করবেন বলে জানা গেছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায়, হুইপ জিকে গউছ হবিগঞ্জে, রকিবুল ইসলাম বকুল খুলনায়, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ঢাকা ও শরীয়তপুর, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর, আখতারুজ্জামান মিয়া দিনাজপুর এবং এবিএম আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুরে ঈদ উদ্‌যাপনের কথা রয়েছে।

আমীরে জামায়াত কোথায় ঈদ করবেন: জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজের পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। বিরোধীদলীয় নেতার ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন