অস্ট্রেলিয়ার সর্বশেষ বিগ ব্যাশ লীগে দুর্দান্ত নৈপুণ্য দেখান রিশাদ হোসেন। এবার নতুন রোমাঞ্চ ও নতুন চ্যালেঞ্জ বাংলাদেশি লেগ স্পিনারের সামনে। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) নতুন দলে ডাক পেলেন রিশাদ। পিএসএলের নিলাম থেকে গতকাল টাইগার লেগ স্পিনারকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলভুক্ত করে নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। পিএসএলের গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেন রিশাদ। প্রথমবারের মতো পিএসএলে নিলাম পদ্ধতিতে দল গঠন করলো ফ্র্যাঞ্চাইজিগুলো। করাচির এক্সপো সেন্টারে নিলামে বাংলাদেশি লেগ স্পিনারকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। রিশাদকে নিয়ে তার সাবেক দল লাহোর কালান্দার্স আগ্রহ না দেখালেও লড়াই চলে করাচি কিংস ও রাওয়ালপিন্ডির মধ্যে। শেষ পর্যন্ত ৩ কোটি রুপির বিডে জয়ী হয় রাওয়ালপিন্ডি। নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। রিশাদ ছাড়াও এবারের পিএসএলে মাঠ মাতাবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। নিলামের আগে দ্যা ফিজের সঙ্গে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স। তবে নিলামে অবিক্রিত থাকেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে তার নাম তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। সাকিবের মতো অবিক্রিত থাকেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও পেসার নাহিদ রানা। পিএসএলের গত আসরে শিরোপা জয়ী লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নেন রিশাদ। সর্বশেষ বিগ ব্যাশ লীগে হোবার্ট হারিক্যান্সের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন রিশাদ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্টে খেলতে গিয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৮ ম্যাচ খেলে ১২৪ উইকেট শিকার রিশাদের। ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আলোচনায় আসেন রিশাদ। টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এ লেগস্পিনার। ব্যাট হাতেও কম যান না। আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদের প্রথম স্কোরিং শট ছিল একটি ছক্কা। ২০২৩ সালের ৩১শে মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে তৃতীয় ডেলিভারিতে ছক্কা হাঁকান রিশাদ। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ ছক্কায় ৩০ বলে ৫৩ রান করেন। যেটি কুড়ি ওভারের ক্রিকেটে রিশাদের প্রথম অর্ধশতক।
পিএসএলের ১১ বছরের ইতিহাসে এবারই প্রথম ড্রাফটের বদলে নিলাম পদ্ধতিতে দল গঠন করা হলো। ২০১৬ সাল থেকে ড্রাফট চললেও লীগ সম্প্রসারণের পরিকল্পনায় এবার পরিবর্তন আনে পিসিবি। শিয়ালকোট স্ট্যালিয়নস ও হায়দরাবাদ হাউস্টন কিংসমেন নামে নতুন দল যুক্ত হওয়ায় ৮ দলের লড়াই হবে এবারের পিএসএলে। নিলামে ৮৭৯ জন দেশি-বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। প্রত্যেক দলের জন্য সর্বোচ্চ বাজেট ছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে হয় জমজমাট বিডিং।
পিএসএলে নতুন ঠিকানায় রিশাদ
স্পোর্টস রিপোর্টার
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
