রাজধানীতে পুলিশের গাড়ি ও যাত্রীবাহি বাসে আগুন

রাজধানীতে পুলিশের গাড়ি ও যাত্রীবাহি বাসে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীতে পুলিশের গাড়ি ও যাত্রীবাহি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত ৪টার দিকে মোহাম্মদপুর বসিলা এসআরবি-২ হেডকোয়ার্টারের অদূরে রাস্তার পাশে রাখা পুলিশের দুটি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশের গাড়িতে আগুন দেয়ার একটি ভিডিওতে দেখাযায়, এক যুবক মোটরসাইকেল নিয়ে বসিলা টু মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে যাতায়াতের মেইন রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও করছেন। কালো গেঞ্জি (হুডি) পরা আরেক যুবক রাস্তার পাশে পরাপর পার্ক করে রাখা পুলিশের দুটি পিকাপ গাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পেছনের সাদা রঙের পুলিশ পিকাপটি পুড়ে যায়। ভিডিওতে দেখা যায়- গাড়িতে লাগা আগুনে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম মানবজমিন’কে বলেন, বসিলা এসআরবি-২ ক্যাম্পের পাশে এসপিবিএনের একটি ওয়ার্কশপ রয়েছে। ওখানে রাস্তার পাশে দুটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। শনিবার ভোর রাত সাড়ে চারটার দিকে কে বা কারা ওই গাড়িতেই আগুন দিয়েছে। আগুনে গাড়ির বেশ কিছু সিট পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ওই গাড়িগুলো থানা পুলিশের নয়। এসপিবিএনের। এসপিবিএনের একজন সাব-ইনস্পেক্টর ও দুইজন কনস্টেবল সেখানে ডিউটিতে ছিলেন। এরপরও এই ঘটনা ঘটে গেল। আমরা অপরাধীদের শনাক্তে কাজ করছি।

এদিকে শনিবার রাত ৭টা ৩৫ মিনিটের দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকার ফায়ার সার্ভিসের বিপরীত পাশে বাটা শোরুম ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির কয়েকটি সিট ও জানালা পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বিষয়টি নিশ্চিত করে মানবজমিন’কে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন। রাত ৭টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।