দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প সংশ্লিষ্ট সব বাণিজ্য সংগঠনের (ট্রেড বডি) মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় বা শক্তিশালী লেদার বোর্ড গঠনসহ দেশের চামড়া শিল্পের উন্নয়ন ও সংকট নিরসনে ১৩ দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে এলএফবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চামড়া শিল্পের সংকট নিরসনে ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়।
সংগঠনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। ইটিপিই একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান আজ সংকটে পড়তো না। যারা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।
সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের সব খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবি’র অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।
এলএফবি’র ১৩ দফা প্রস্তাবের মধ্যে আরও রয়েছে সাভারের সিইটিপি আধুনিকায়নের পাশাপাশি নতুন দু’টি সিইটিপি নির্মাণ, এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপন। এ ছাড়া, পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশি চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দেয়া হয়েছে।
এসএ টিভি’র বিজনেস এডিটর সালাহউদ্দিন বাবলু বলেন, সাভারের ট্যানারিসহ অধিকাংশ প্রতিষ্ঠানের এলডব্লিউজি সনদ না থাকায় এবং রপ্তানি জটিলতায় চীন থেকে কাগজে-কলমে ‘লেদার’ দেখিয়ে বাস্তবে নন-লেদার আমদানি করা হচ্ছে। এতে স্থানীয় চামড়ার বাজার সংকুচিত হয়েছে। তিনি বলেন, বাটা, এ্যাপেক্সসহ স্থানীয় বাজারে চীন ও ভারত থেকে আসা নন-লেদার জুতা-স্যান্ডেলের আধিপত্য বেড়েছে। এমনকি নারী ও পুরুষের জুতার বড় অংশই নন-লেদার। তাই বিদেশ থেকে জুতা-স্যান্ডেল আমদানি বন্ধ করা এবং দেশীয় চামড়ার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
বন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকা দাবি
অর্থনৈতিক রিপোর্টার
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
