শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ২২শে নভেম্বর গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্থান্তর করা হয়। আটকের পরদিন রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সেপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়। সেই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়।
এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে পুনরায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ধৃত ও পলাতক অন্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের লক্ষ্যে সুইডেন আসলামকে পুনরায় পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে আইনজীবী মাহবুবুল আলম সুইডেন আসলামের রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
