কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০

ফন্ট সাইজ:

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫২ জন সদস্যসহ সর্বমোট ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দু’টি বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত ককটেল, ২ হাজার ৫৪ পিস ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। শনিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৫ জন রয়েছেন। এ ছাড়া রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৭৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৪ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।