র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মিরাজ-নাহিদদের

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মিরাজ-নাহিদদের

ফন্ট সাইজ:

সদ্য পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ সিরিজে নেতৃত্বের পাশাপাশি বল হাতে দারুণ নৈপুণ্য দেখান মেহেদি হাসান মিরাজ। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। আইসিসি’র হালনাগাদকৃত ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরেছেন মিরাজ। ৯ ধাপ এগিয়ে সাতে অবস্থান করছেন তিনি। মিরাজ ছাড়াও টাইগার পেসারদেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়ে সেরা একশোর মধ্যে ঢুকেছেন নাহিদ রানা। তার অবস্থান এখন ৯৮তম। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট নেন মিরাজ। বল হাতেও বেশ হিসেবি ছিলেন তিনি। ৩ ম্যাচে ৩০ ওভার বল করে খরচ করেন ১০০ রান। প্রথম ওয়ানডেতে ২৯ রানে ৩ উইকেট নেন মিরাজ।

সেই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে দল হারলেও বল হাতে মিরাজ দারুণ বোলিং করেন। ৩৪ রানে নেন ২ উইকেট। সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো উইকেট পাননি মিরাজ। তবে ১০ ওভারে মাত্র ৩৭ রান খরচ করেন তিনি। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও মিরাজের উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে বর্তমানে তালিকার দুইয়ে অবস্থান করছেন এই ক্রিকেটার। শীর্ষ আছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। ১০৭ রানের ওই ইনিংসের সুবাদে ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে আছেন বাঁহাতি ওপেনার। এছাড়া তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে আছেন। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। ১০৬ রানের ইনিংসের সৌজন্যে ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ভারতের লোকেশ রাহুলের সঙ্গে ক্যারিয়ার সেরা নবম স্থানে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতির ছাপ রেখেছেন বাংলাদেশের পেসাররা। তৃতীয় ওয়ানডেতে ৪৯ রানে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদ ৪০ থেকে ২৮ তম স্থানে উঠে এসেছেন। ১৩ ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। বর্তমান কাটার মাস্টারের অবস্থান ৪৭তম। ৬৫ ধাপ এগিয়ে ৯৮তম স্থানে উঠে এসেছেন নাহিদ রানা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন