বিপিএল নিয়ে সুখবর পেলেন নারীরা

ফন্ট সাইজ:

ছেলেদের বিপিএল দ্বাদশ আসর পার করলেও এতদিন কেবল অপেক্ষার প্রহর গুনছিলেন দেশের নারী ক্রিকেটাররা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগ (ডব্লিউবিপিএল)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নারী বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র ঘোষণা অনুযায়ী, আগামী ৩রা এপ্রিল থেকে শুরু হবে নারী বিপিএলের উদ্বোধনী আসর। ১৫ই এপ্রিল পর্যন্ত চলবে এই চার-ছক্কার লড়াই। দেশের নারী ক্রিকেটে পেশাদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করতেই এই মেগা টুর্নামেন্টের আয়োজন করছে বোর্ড। প্রথম আসরে লড়াই করবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। জাতীয় দলের তারকা মুখগুলোর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখা যাবে প্রতিভাবান উদীয়মান ক্রিকেটারদের। শক্তিতে ভারসাম্য বজায় রাখতে স্থানীয় ক্রিকেটারদের ‘ড্রাফট’ পদ্ধতির মাধ্যমে দলে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে দলগুলো সরাসরি চুক্তির সুযোগ পাবে। টুর্নামেন্টকে বিশ্বমানের রূপ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নারী বিপিএলের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি গভর্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি’র নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। ফ্র্যাঞ্চাইজিদের নাম, সূচি, ভেন্যু এবং সম্প্রচার স্বত্ব নিয়ে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।
মেয়েদের বিপিএল আলোর মুখ দেখার আগে ছেলেদের বিপিএল হয়েছে ১২ বার। যেখানে রেকর্ড সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৩ বার শিরোপার স্বাদ পেয়েছে ঢাকা। সর্বশেষ আসরে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্স।








কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন