রাজধানীর বাজারে চালের দামে ঊর্ধ্বমুখী। বিশেষ করে ভালো মানের চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা বেড়েছে। এর মধ্যে নাজিরশাইল চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা এবং মিনিকেটের দাম প্রায় ২ থেকে ৪ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ধানের পুরনো মজুত কমে আসা, পরিবহন ব্যয় ও অন্যান্য খরচের প্রভাব পড়ছে চালের দামে। তবে নতুন আমন ধান বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে।
সরজমিন রাজধানীর কাওরান বাজার, মিরপুর ১ ও মিরপুর ৬ নম্বর এলাকার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গুটি স্বর্ণা চাল ৫০ থেকে ৫২ টাকা, বিআর আটাশ ৫৪ থেকে ৫৫ টাকা, পায়জাম ৪৭ থেকে ৪৮ টাকা, হাসকি ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মিনিকেট চাল গত দুই সপ্তাহের তুলনায় ২ থেকে ৪ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল মানভেদে ৭০ থেকে ৯০ টাকা, ঘি ভোগ ৯০ থেকে ৯২ টাকা, পোলাওয়ের চাল মানভেদে ১২০ থেকে ১৮০ টাকা, এবং দেশি বাসমতি ৮৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
গুটি স্বর্ণা চালের ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। আটাশ চাল ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা, পায়জাম ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৪০০ টাকা এবং হাসকি চাল ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট মানভেদে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ভালো মানের নাজিরশাইল চালের ৫০ কেজির বস্তা ৪ হাজার থেকে ৪ হাজার ৬০০ টাকা, ঘি ভোগ চালের বস্তা ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৬০০ টাকা, সাধারণ পোলাওয়ের চাল ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং ভালো মানের পোলাওয়ের চাল ৮ হাজার ৭০০ থেকে ৯ হাজার টাকা এবং দেশি বাসমতি চালের বস্তা বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা দরে।
কাওরান বাজারের কিচেন মার্কেটের চাল ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, বড় কোম্পানি থেকে আমরা চাল সংগ্রহ করি। ক্রেতারা আমাদের থেকে ক্রয় করলে সঠিক বাজার দরে কিনতে পারে এবং তুলনামূলক কম দামে চাল কেনার সুযোগ রয়েছে। কিন্তু মহল্লার ছোট ছোট দোকান থেকে চাল কিনতে গেলে ক্রেতাদের বেশি দাম দিতে হয়। কয়েক ধাপে চাল হাতবদল হওয়ার কারণে দামের পার্থক্য তৈরি হয় বলে মনে করেন তিনি।
আরেক চাল ব্যবসায়ী এইচ এম হাসান বলেন, গত এক সপ্তাহ বা তার আগের সপ্তাহের তুলনায় বর্তমানে চালের দামে তেমন পরিবর্তন নেই। কোম্পানি ভেদে চালের দামের ব্যবধান হয়। তবে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয়ের প্রভাব চালের বাজারেও পড়ে। গাড়িভাড়া ও চাল পরিবহনের খরচ বেড়ে গেলে ব্যবসায়ীদের ব্যয় বাড়ে। তখন চালের দামেও প্রভাব পড়ে।
মিরপুর ৬ নম্বর বড় বাজারের চাল ব্যবসায়ী সালমান হোসেন বলেন, অন্যান্য বাজারের তুলনায় তাদের এখানে চালের দাম বস্তা প্রতি প্রায় ৫০ থেকে ৭০ টাকা বেশি হতে পারে। বাবু বাজার, কাওরান বাজার ও মিরপুর ১ নম্বরের বড় বাজার থেকে চাল এনে বিক্রি করতে হয় তাদের। এতে প্রতি বস্তা চাল পরিবহনে প্রায় ৩০ টাকা খরচ হয়। এসব কারণে তাদের বাজারে চালের দাম কিছুটা বেশি পড়ে। তিনি বলেন, কিছুদিনের মধ্যে নতুন চাল বাজারে আসতে শুরু করবে। নতুন চালের সরবরাহ বাড়লে বাজারে দাম আরও কমে আসবে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রফিক আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অল্প বেতনে ছেলেমেয়েদের পড়ার খরচ, বাসাভাড়া, চিকিৎসার খরচ তারপর বাজারের জিনিসের এই অতিরিক্ত দাম। বর্তমান বাজারে চালের দামে ঊর্ধ্বমুখী চাপ রয়েছে। গত কয়েক সপ্তাহের তুলনায় চালের দাম কিছুটা বেশি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে কেনাকাটাই অনেকটা পরিবর্তন আনতে হচ্ছে বলে জানান তিনি।
