অর্থের অভাবে অনিশ্চিত জুলাইযোদ্ধা প্রান্তের চিকিৎসা

অর্থের অভাবে অনিশ্চিত জুলাইযোদ্ধা প্রান্তের চিকিৎসা

ফন্ট সাইজ:

জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়েছিলেন এসএম আল-মিহাদ মোসলেম প্রান্ত। কিন্তু সেই ক্ষত থেকে মুক্তি মেলেনি তার। বাবা না থাকায় থমকে আছে জীবন। শঙ্কা রয়েছে পা হারানোর। আন্দোলনের সময় এসএসসি পাস করে ভর্তি হয়েছিলেন ধানমণ্ডির আইডিয়াল কলেজে। বর্তমানে পায়ের হাড়ের ভেতরে পুঁজ জমেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে তাকে। এজন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না পরিবার। নিজের চিকিৎসার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন প্রান্ত। ২০২৪ সালের ১৮ই জুলাই নিউমার্কেট ও সায়েন্স ল্যাব এলাকার ল্যাবএইড হাসপাতালের পাশে আন্দোলনের সময় আহত হন প্রান্ত। এ সময় গুলি এসে লাগে তার হাতে। এতে হাতের রগ কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। একই সময়ে তার পায়েও ফ্র্যাকচার হয়।

আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে ল্যাবএইড হাসপাতালে যান প্রান্ত। সেখান থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে। তখন হাতের আঘাত নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলেন। ফলে পায়ের ফ্র্যাকচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়নি। পরবর্তী সময়ে পায়ের সেই আঘাত থেকেই ধীরে ধীরে জটিলতা দেখা দেয়। একপর্যায়ে তার পায়ে ‘অ্যাবসেস’ তৈরি হয়। পরে সংক্রমণ আরও জটিল আকার ধারণ করে। বর্তমানে পায়ের হাড়ের ভেতরেও পুঁজ জমেছে। শারীরিক অসুস্থতার প্রভাব পড়েছে প্রান্তের পড়াশোনাতেও। অসুস্থতার কারণে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি। এতে পড়াশোনার পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে তার ভবিষ্যৎও। ছয় বছর আগে বাবাকে হারিয়েছেন প্রান্ত। পরিবারের ছেলে সন্তানদের মধ্যে তিনি বড়। নিজের অসুস্থতার কারণে এখন পরিবারের দায়িত্ব পালন করতে পারছেন না। প্রায় এক মাস আগে স্ট্রোক করেছেন প্রান্তের মা। আগে টিউশনি করিয়ে সংসারে আর্থিক জোগান দিতেন প্রান্ত।

কিন্তু অসুস্থতার কারণে এখন আর সেই কাজও করতে পারছেন না। একদিকে নিজের অসুস্থতা, অন্যদিকে ছেলের চিকিৎসার বিপুল ব্যয়। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। প্রান্তের মা বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। সেখানকার দুই হাসপাতালে এ চিকিৎসার সুযোগ আছে। পুরো চিকিৎসায় প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। সরকার আমাদের সাহায্যে করলে আমি আমার ছেলেকে সুস্থ করতে পারবো। নিজের চিকিৎসার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন প্রান্ত।

তিনি বলেন, আমি ফেসবুকে-নিউজে দেখেছি যারা জুলাইযোদ্ধা তারা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছে সরকারের মাধ্যমে। আমিও চাই আমার চিকিৎসা করাতে কিন্তু কীভাবে কার কাছে যাবো সেটাই বুঝতেছি না। অসহায় পরিবারটির প্রত্যাশা, সরকার ও সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে প্রয়োজনীয় অর্থের সংস্থান হবে এবং চিকিৎসা নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন প্রান্ত।