ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন। মারা যাওয়া তিনজনের মধ্যে দু’জন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭০৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪২৫ জন।

এ ছাড়া চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন এবং রংপুরে ৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৬৮ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে, নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ দিনে মারা গেছে ১১২ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।