প্রেম, দ্রোহ, সংগীত ও সাহিত্য কাজী নজরুল ইসলামের জীবনের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে কুমিল্লার নাম। এই শহরেই বৃটিশবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে প্রথমবার পুলিশের হাতে আটক হন তিনি। ১৯২১ সালের ২১শে নভেম্বর। বৃটিশ রাজা পঞ্চম জর্জের জ্যেষ্ঠ পুত্র ও তৎকালীন প্রিন্স অব ওয়েলস এডওয়ার্ডের ভারত সফরের প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস দেশব্যাপী হরতালের ডাক দেয়। বৃটিশ শাসনের বিরুদ্ধে কুমিল্লা শহরেও কর্মসূচি পালিত হয়। তখন কুমিল্লায় অবস্থান করছিলেন তরুণ কবি কাজী নজরুল ইসলাম। স্থানীয় রাজনৈতিক কর্মী ও কংগ্রেস নেতারা নজরুলকে হরতালের সমর্থনে গান রচনার অনুরোধ জানান। তিনি একটি প্রতিবাদী গান রচনা করেন। গানটি ছিল- ‘ভিক্ষা দাও হে পুরবাসী, সন্তান দ্বারে উপবাসী, দাও মানবতা ভিক্ষা দাও।’ গলায় হারমোনিয়াম ঝুলিয়ে তিনি গেয়েছিলেন এই প্রতিবাদী গান। গান গেয়ে গেয়েই অংশ নেন মিছিলে।
তার সঙ্গে ছিলেন স্থানীয় তরুণ-তরুণীরা। মিছিলটি নগরীর সার্কিট হাউজ এলাকা হয়ে মোগলটুলি পেরিয়ে রাজগঞ্জের দিকে যায়। রাজগঞ্জ থানা রোডের কাছে পৌঁছালে পুলিশ নজরুলকে আটক করে। তাকে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে কয়েক ঘণ্টা রাখার পর ছেড়ে দেয়া হয়। গবেষকদের বর্ণনা অনুযায়ী, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ তাকে থানায় নিয়েছিল। নজরুলের জীবনের এ ঘটনা শুধু আটকের বিবরণ নয়। এটি বৃটিশবিরোধী আন্দোলনে তার সরাসরি অংশগ্রহণের ইতিহাস। একইসঙ্গে এটি তার রাজনৈতিক প্রতিবাদী চেতনা বিকাশেরও গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ঘটনার স্মৃতি ধারণ করে আছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা। ২০২২ সালের ২৫শে মে থানায় স্থাপন করা হয় একটি স্মৃতিফলক। তবে ঘটনার পুরনো কোনো নথির সন্ধান এখনো পাওয়া যায়নি। বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী বলেন, ১৯২১ সালের ২১শে নভেম্বর গলায় হারমোনিয়াম ঝুলিয়ে মিছিলে অংশ নেন নজরুল। এ সময় তিনি প্রতিবাদী গান গেয়েছিলেন। পুলিশ তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। সেখানে কয়েক ঘণ্টা রাখার পর তাকে ছেড়ে দেয়া হয়। তার মতে, ঘটনাটি নজরুলের রাজনৈতিক প্রতিবাদী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ। রাজগঞ্জে বৃটিশবিরোধী আন্দোলনে অংশ নেন তিনি।
এর মধ্যদিয়ে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার একটি উল্লেখযোগ্য অধ্যায় সূচিত হয়। অভিনেতা ও নাট্য সংগঠক শাহজাহান চৌধুরী বলেন, ১৩২৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে অর্থাৎ ১৯২১ সালের নভেম্বরে দ্বিতীয়বারের মতো কুমিল্লায় আসেন নজরুল। প্রিন্স অব ওয়েলসের ভারত সফরের প্রতিবাদে ২১শে নভেম্বর কংগ্রেস দেশব্যাপী হরতালের ডাক দেয়। কুমিল্লাতেও কর্মসূচি পালিত হয়। রাজগঞ্জে তরুণ-তরুণীদের সঙ্গে মিছিলে অংশ নেন নজরুল। কোতোয়ালি মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থান হিসেবে থানায় একটি স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। নজরুলকে আটকের ঘটনার কোনো পুরনো রেজিস্টার, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা আটকসংক্রান্ত নথি থানায় সংরক্ষিত আছে কিনা- জানতে চাইলে ওসি বলেন, শতবর্ষের আগের নথিপত্র কী ছিল, এ বিষয়ে তার জানা নেই। ফলে নজরুলের আটকের ঘটনাটি নিয়ে গবেষকদের বিবরণ ও স্মৃতিফলক থাকলেও, সে সময়ের পুলিশের মূল নথি পাওয়া যায় কিনা- তা এখনো অনুসন্ধানের বিষয়।
পাশাপাশি ১৯২১ সালের থানা ভবনের অবস্থান ও বর্তমান ভবনের সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্ক নির্ধারণেও আরও নথিভিত্তিক গবেষণার প্রয়োজন রয়েছে। কুমিল্লায় নজরুলের রাজনৈতিক কর্মকাণ্ড ও পুলিশের হাতে আটকের ঘটনা তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কোতোয়ালি থানার স্মৃতিফলক সেই ইতিহাসের স্মারক। এটি নতুন প্রজন্মকে অতীতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিচ্ছে। তবে শুধু স্মৃতিফলক স্থাপনই যথেষ্ট নয়। প্রয়োজন প্রামাণ্য দলিলের অনুসন্ধান।
