যুক্তরাজ্যে শিশুকে যৌন নির্যাতন, বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে শিশুকে যৌন নির্যাতন, বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যের কেন্টের চ্যাথামে এক শিশুকে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে মুহাম্মদ ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশিকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মেইডস্টোন ক্রাউন কোর্টে এ সাজা ঘোষণা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওই শিশুকে যৌন নিপীড়ন করেন মুহাম্মদ ইসলাম। ২০১৮ সালে ভুক্তভোগী তার আত্মীয়দের কাছে বিষয়টি জানালে প্রথমবারের মতো ঘটনাটি সামনে আসে।
পরিবারের সদস্যরা এ বিষয়ে মুহাম্মদ ইসলামের মুখোমুখি হলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে পুলিশকে জানানোর কথা বললে তিনি ক্ষমা প্রার্থনা করেন বলে সাক্ষীরা জানিয়েছেন।

তদন্ত ও গ্রেপ্তার

২০২৩ সালে ভুক্তভোগী পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এরপর ৫৫ বছর বয়সী মুহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি চ্যাথামের চ্যাথাম গ্রোভ এলাকার বাসিন্দা এবং বাংলাদেশি নাগরিক।
পরে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের একাধিক অভিযোগে মামলা করা হয়। বিচার শেষে মেইডস্টোন ক্রাউন কোর্টের জুরি বোর্ড তাকে ছয়টি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।
কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে যৌন অপরাধ প্রতিরোধসংক্রান্ত বিশেষ আদেশ (সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার) দিয়েছেন। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে তার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞামূলক আদেশও জারি করা হয়েছে।

পুলিশের বক্তব্য

মামলার তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল কনর মিডলটন বলেন, নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আনতে ভুক্তভোগী অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। পুরো তদন্তজুড়ে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে তিনি দৃঢ় ছিলেন।

তিনি বলেন, মুহাম্মদ ইসলাম এখন কারাগারে সাজা ভোগ করছেন, এতে তিনি সন্তুষ্ট। একই ধরনের নির্যাতনের শিকার ব্যক্তিদের সামনে এসে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ তাদের কথা শুনবে, বিশ্বাস করবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পুলিশ সব ধরনের পদক্ষেপ নেবে।