যুক্তরাষ্ট্রকে ‘আরও চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে ‘আরও চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলা শুরু করলে তেহরানের হাতে ‘আরও চমক’ রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগের গতি কমে আসার মধ্যেই এ হুঁশিয়ারি দিলেন তিনি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মোগাদ্দাম জানিয়েছেন, পাকিস্তান ও কাতারের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে আগের দফার আলোচনার তুলনায় এই প্রক্রিয়ার গতি কমেছে।

তিনি বলেন, ‘তারা প্রস্তাব দিচ্ছে, আর আমরা সেগুলো পর্যালোচনা করছি।’ এর মাধ্যমে ওয়াশিংটনের দেয়া প্রস্তাবগুলো তেহরান বিবেচনা করছে বলে ইঙ্গিত দেন তিনি।

তবে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের এই কূটনীতিক। তিনি বলেন, আরও উত্তেজনা মোকাবিলায় তেহরান প্রস্তুত রয়েছে। গত এক বছর ধরে ইরান নিষ্ক্রিয় বসে থাকেনি।

মোগাদ্দাম বলেন, ‘গত এক বছরে আমরা বসে থাকিনি।’ যুক্তরাষ্ট্র আবারও বড় আকারের হামলা শুরু করলে ইরানের হাতে ‘আরও চমক’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তার এই বক্তব্য সামনে এলো। একদিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে, অন্যদিকে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধকে কেন্দ্র করে সমুদ্রপথে সংঘাত ক্রমেই বাড়ছে।