মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, নিহত ১৭

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, নিহত ১৭

ফন্ট সাইজ:

মিয়ানমারে একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির সময় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২৮ নভেম্বর) দেশটির সংঘাতকবলিত একটি এলাকায় বিয়ের বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

বার্তা সংস্থা এএফপিকে ওই প্রত্যক্ষদর্শী জানান, শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলা হয়েছে। সেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। হামলার পর আহতদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য সরিয়ে নেয়ার ভিডিও ধারণ করেন ওই প্রত্যক্ষদর্শী।
তবে ভিডিওগুলোর সত্যতা এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী বলেন, হামলার আগে তিনি কাছাকাছি এলাকায় বিমানের ওড়ার শব্দ শুনেছিলেন। কিন্তু ভেবেছিলেন, তাদের এলাকায় বোমা ফেলা হবে না। তিনি বাড়ির ভেতরে যাওয়ার পরই বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর বিমান হামলার স্থানে প্রচুর ধোঁয়া দেখতে পান।

তিনি জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল ওই বাড়িতে। হামলার পর দ্রুত সেখানে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহায়তার চেষ্টা করেন তিনি। ঘটনাস্থলে গিয়ে ১৭টি মরদেহ দেখতে পান। আহতও হয়েছেন অনেকে।

এএফপি জানিয়েছে, স্থানীয় অন্য বাসিন্দাদের কাছ থেকে পাওয়া ছবিতে ছয়টি মরদেহ দেখা গেছে। এর মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। তবে এসব ছবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।

এ হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির (আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা) তথ্য অনুযায়ী, সংঘাতে সব পক্ষের মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে।