আইপিএলে গত ছয় মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। নিজের হাতে গড়া দলটিকে আবার নতুন করে গুছিয়ে নিতে চান রোহিত শর্মা। তবে এখনই শিরোপা জয় নিয়ে না ভেবে মাঠে নেমে ক্রিকেট উপভোগ করাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।
হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফিরেছেন রোহিত। শুক্রবার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করে। তবে দায়িত্ব নেওয়ার আগে বেশ দ্বিধায় ছিলেন মুম্বাইকে পাঁচবার আইপিএল শিরোপা জেতানো এই তারকা। মুম্বাই ইন্ডিয়ান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই সংশয় ও সিদ্ধান্ত বদলের গল্প শুনিয়েছেন রোহিত।
দলের মালিক আকাশ আম্বানি প্রথমে রোহিতের সঙ্গে যোগাযোগ করে দলকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন এবং তাকে আবার অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন। শুরুতে রাজি না হয়ে কয়েক দিন সময় চেয়ে নিয়েছিলেন রোহিত। সেই মুহূর্তের কথা স্মরণ করে রোহিত বলেন, ‘প্রস্তাব পাওয়ার পর স্ত্রীর সঙ্গে আলোচনা করি। আকাশ আমাকে আবার ফোন করার পর আমরা দেখা করি। দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে নানা কথা হয়েছিল। সত্যি বলতে প্রথমে মনে হয়েছিল, আবার নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রস্তুত নই। বাড়ি ফিরে অনেক ভেবেছি। মাঝে অনেক কিছু ঘটেছে। বুঝতে পারছিলাম না, আমার দায়িত্ব নেওয়া ঠিক হবে কি না।’ শেষ পর্যন্ত কেন মত বদলে দায়িত্ব নিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। রোহিত বলেন, ‘মনের ভেতরে একটা অনুভূতি কাজ করছিল। আসলে দলটার একজন নেতার প্রয়োজন ছিল, যে সঠিক পথ দেখাতে পারবে। আমি বলছি না যে আমিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। তবে একটা সময়ে মনে হলো, দলটা তো আমিই গড়ে তুলেছিলাম। ১০ বছর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলাম। মনে হলো, আবার চ্যালেঞ্জটা নেওয়ার এটাই সেরা সময়। তাই রাজি হয়ে গেলাম।’
গত দুই মৌসুমে দলের ব্যর্থতা নিয়ে নিজের হতাশার কথা গোপন করেননি রোহিত। তিনি জানান, ‘খেলোয়াড় হিসেবে আমরা দলের পারফরম্যান্সে খুবই হতাশ ছিলাম। আমি দু-একজনের কথা বলছি না, পুরো দলের কথাই বলছি। প্লে-অফে উঠতে না পারা নিয়ে আমরা হতাশ ছিলাম না; আমাদের হতাশা ছিল ভালো খেলতে না পারা এবং নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারা নিয়ে।’ দলের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কী পরিকল্পনা নিয়েছেন, জানতে চাইলে রোহিত বলেন, ‘আমরা এখনই ট্রফি জেতা নিয়ে একদম ভাবতে চাই না। ওটা অনেক পরের ব্যাপার। আগে আমাদের মাঠে নেমে খেলাটা উপভোগ করতে হবে। আমরা আনন্দ নিয়ে ক্রিকেট খেলতে চাই, আর কিছু নয়।’ অধিনায়কত্বের প্রত্যাশার চাপ প্রসঙ্গে রোহিতের স্পষ্ট বক্তব্য, ‘চাপ তো থাকবেই, ওটা বাদ দেওয়া যাবে না। তাই চাপ নিয়ে ভেবে আমরা সময় নষ্ট করতে চাই না। দল হিসেবে আমরা বাসে বা মাঠে মজার মধ্যে থাকতে চাই। আমাদের অগ্রাধিকার হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অংশ হতে পারার আনন্দ উপভোগ করা এবং এই ঐতিহাসিক ফ্র্যাঞ্চাইজির হয়ে গর্ব অনুভব করা।’ অতীত সাফল্যের স্মৃতি মাথায় রেখেই দলকে নতুন ছন্দে বাঁধতে চান এই অভিজ্ঞ ওপেনার। তিনি বলেন, ‘আমরা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু গত ছয় বছর প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমাদের অতীতের অর্জনগুলো মনে রাখতে হবে, তবে শুধু সেগুলোর ওপর নির্ভর করে তো আর এগোনো যায় না। অতীতের কিছু বিষয় যেমন অনুপ্রেরণার, তেমনি কিছু তিক্ত অভিজ্ঞতা আমরা ভুলেও যেতে চাই।’
