আবারও পেছালো ১৪তম এসএ গেমস, জানা গেল নতুন সময়

আবারও পেছালো ১৪তম এসএ গেমস, জানা গেল নতুন সময়

ফন্ট সাইজ:

২০২৩ সালে মাঠে গড়ানোর কথা ছিল ১৪তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের। দফায় দফায় তারিখ বদলে সেই আসর এখন চলে গেল ২০২৭ সালের সেপ্টেম্বরে। আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল পাকিস্তানে গেমসটি হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা আরও পাঁচ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসএ গেমস পেছানোর বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ)। সংস্থাটি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ষষ্ঠ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসের সূচি বদলে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। 



নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রিয়াদে এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমস অনুষ্ঠিত হবে। ফলে এপ্রিলের শুরুতে এসএ গেমস আয়োজন করা হলে দুটি প্রতিযোগিতার সময়সূচি সাংঘর্ষিক হয়ে পড়ত। পিওএ জানিয়েছে, অ্যাথলেটদের স্বাস্থ্য, কল্যাণ এবং দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই যেন তারা নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই দক্ষিণ এশিয়ার সব দেশের জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) সম্মতিতে নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। 



পাকিস্তানের তিনটি শহর—ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে ১৪তম এসএ গেমসের ইভেন্টগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ—এই ৭টি দেশের প্রায় ৪ হাজার ২০০-এর বেশি অ্যাথলেট ও কর্মকর্তা এতে অংশ নেবেন।দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই প্রতিযোগিতা সর্বশেষ বসেছিল ২০১৯ সালে, নেপালের কাঠমান্ডুতে। এরপর ২০২১ সালে পাকিস্তানকে ১৪তম আসরের আয়োজক স্বত্ব দেওয়া হয় এবং ২০২৩ সালের মার্চে গেমসটি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা, তহবিল সংকট এবং আন্তর্জাতিক ক্রীড়াসূচির সাথে সাংঘর্ষিক হওয়ায় এর আগেও ২০২৪ সালের মার্চ, ২০২৬ সালের জানুয়ারি এবং ২০২৭ সালের এপ্রিলসহ মোট ছয়বার গেমসটির সূচি পরিবর্তন করা হলো। বারবার সূচি পরিবর্তনের এই ধারায় গেমসটি সময়মতো মাঠে গড়ানো নিয়ে ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা ও হতাশা তাই কাটছেই না। ​