সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে পার্কিং করা তিনটি বাসে আগুন

সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে পার্কিং করা তিনটি বাসে আগুন

ফন্ট সাইজ:

সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরের দিকে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসগুলোর ভেতরের অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা উদ্দেশ্যমূলকভাবে বাসটিতে আগুন দিয়েছে।

অপরদিকে, একই দিন ভোরে আশুলিয়া থানাধীন দুটি পৃথক স্থানে আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশুলিয়া থানা এলাকায় দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাগুলো নাশকতামূলক অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।