ধানমন্ডিতে বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি

ধানমন্ডিতে বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিংমলে গয়নার দোকানে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ৬/এ আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে। এ ঘটনার পর থেকে শপিং মলটির দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় ৪ জন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে  আটক করা হয়েছে। জুয়েলার্সেটির মালিক অভিযোগ করেছেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে তারা।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে ‎তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছে। এর মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন আছেন। সঞ্জীব বলেন,সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।

ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব মানবজমিনকে বলেন, নিরপত্তাকর্মীদের মধ্যে কয়েকজন এ ঘটনায় জড়িত। এ ঘটনায় আমরা সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেছি। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।