ব্যাট কিনে দেওয়ার কথা বলে ঢাকার নবাবগঞ্জে ৭ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে পাশের বাসার ভাড়াটিয়া মো. শাহজাহানের (৬৮) বিরুদ্ধে। অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর ঢাকার কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু আলিম ওই গ্রামের প্রবাসী মো. রুবেলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে ব্যাট কিনে দেওয়ার কথা বলে আলিমকে গোবিন্দপুর বাজারে নিয়ে যান একই বাসার পাশের কক্ষে ভাড়া থাকা শাহজাহান। পরে সেখান থেকে আগলা বাজার হয়ে একটি গাড়িতে করে শিশুটিকে ঢাকার কামরাঙ্গীরচরে নিয়ে যান তিনি। সেখানে সাবেক ব্যবসায়িক অংশীদার মো. নাসিরের বাসায় নিজের নাতি পরিচয়ে শিশুটিকে রেখে এলাকায় ফিরে আসেন শাহজাহান।
দুপুরে শিশুটি কান্নাকাটি শুরু করলে নাসির বিষয়টি শাহজাহানকে জানান। এ সময় শাহজাহান শিশুটিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার পরামর্শ দেন বলে জানা গেছে। এতে নাসিরের সন্দেহ হয়। পরে শিশুটির নাম-পরিচয় জানতে চাইলে সে নিজের বাবা-মায়ের নাম জানায়। পাশাপাশি দাদা আলী বেপারির মোবাইল নম্বরও মনে থাকার কথা জানায় আলিম।
পরে নাসির ওই নম্বরে ফোন করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা সন্ধ্যায় কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করেন। রাত সাড়ে ৯টার দিকে তাকে নবাবগঞ্জ থানায় আনা হয়।
এর আগে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গোবিন্দপুর ও আগলা বাজারের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে সকালে শাহজাহানকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। এসব ফুটেজের সূত্র ধরে স্বজন ও স্থানীয়রা শাহজাহানকে শনাক্ত করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শিশুটির চাচা মো. মামুন বলেন, ভাতিজাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তারা। পরে বাজারের সিসিটিভি ফুটেজে শাহজাহানকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হানিফ বলেন, সন্ধ্যায় কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
