কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর সন্তানের মৃত্যু,  মাকে দেখাতে মরদেহ নেয়া হচ্ছে কারাফটকে

কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর সন্তানের মৃত্যু, মাকে দেখাতে মরদেহ নেয়া হচ্ছে কারাফটকে

ফন্ট সাইজ:

কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানার প্রতিবন্ধী ছেলে মারা গেছে। মৃত্যুর পর মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে তাকে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু গণমাধ্যমকে বলেন, প্যারোলে মুক্তির জন্য কাশিমপুর কারাগারে রয়েছি। এখান থেকে আমাকে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়েছে।
তিনি জানান, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেয়া সম্ভব নয়। তাকে নিরাপত্তা দেয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাগারের ফটকে তাকে মৃত সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। বন্দী মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য ছেলের মরদেহ নিয়ে একটি ফ্রিজারবাহী গাড়ি কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়েছে।
এদিকে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার মধ্যে ফেসবুকে তার আগে দেয়া একটি বক্তব্যের ভিডিওও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে সন্তানের অসুস্থতার কথা বলতে এবং মুক্তির আকুতি জানাতে শোনা যায়।

গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ছিলেন। ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।