জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে

সহযোগীদের খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে

ফন্ট সাইজ:

প্রথম আলো

দৈনিক প্রথম আলোর শিরোনাম- ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে’। খবরে বলা হয়, ৩৪ বছর আগে তৎকালীন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৫৫টি কলেজ নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সংখ্যার দিক থেকে দেশের উচ্চশিক্ষায় এখন সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি। কিন্তু শিক্ষার মান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পিছিয়ে আছে। শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের কম উপস্থিতি—সব মিলিয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সারা দেশে বিস্তৃত অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩১৮। শিক্ষার্থী প্রায় ৪০ লাখ, যা দেশের উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদেরা বলছেন, কলেজ ও শিক্ষার্থী বাড়লেও সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি শিক্ষার মান। কলেজগুলোতে পড়াশোনার ঘাটতি স্পষ্ট। অপরিকল্পিতভাবে উচ্চশিক্ষার সম্প্রসারণের কারণে এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বিপুলসংখ্যক শিক্ষার্থী কাজ পাচ্ছেন না। পাস করা গ্র্যাজুয়েটদের প্রায় ২৮ শতাংশই বেকার থাকেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব সমস্যার কথা অস্বীকার করছে না। তাদের ভাষ্য, এসব সমস্যা সামনে রেখে এখন বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষাক্রম সংস্কার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয় বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষা শেখানোসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপসহ ২০৩০ সালের মধ্যে আর কী কী পরিবর্তন আনা হবে, তা নিয়ে ‘রোডম্যাপ ২০৩০’ ঘোষণা করে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেশের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে অধ্যক্ষ সম্মিলনের আয়োজন করা

হয়েছে। সেখানে এই ‘রোডম্যাপ ২০৩০’ ঘোষণা করা হবে। সম্মিলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

একসময় দেশের কলেজগুলো পুরোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো। কিন্তু এতে ওই বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ তৈরি হয়। সে জন্য ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোর উচ্চশিক্ষা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। এখন স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয় থেকে। আছে পেশাগত কোর্সও। বিশ্ববিদ্যালয় হলেও এর কার্যক্রম অনেকটা শিক্ষা বোর্ডের মতো। বড় কাজ মূলত পরীক্ষা নেওয়া। কিন্তু প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একাধিক প্রতিবেদনসহ বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

বেড়েছে কলেজ ও শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রমতে, প্রতিষ্ঠার পর প্রথম দশকে (১৯৯২–২০০২) এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট কলেজ ছিল ১ হাজার ৭৪টি। পরের দশকে (২০০৩–২০১২) কলেজের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৬৯৮। তৃতীয় দশকে (২০১৩–২০২৩) বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৬৫। এরপরের তিন বছরে (২০২৪–২০২৬) কলেজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৯৭। এর মধ্যে ৬০১টি সরকারি ও ১ হাজার ৬৯৬টি বেসরকারি কলেজ। এ ছাড়া অধিভুক্ত আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়টির ১২টি আঞ্চলিক কার্যালয় রয়েছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় সাড়ে ৬ লাখ। বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৬১ এবং অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৭টি।

একসময় ঢাকার বড় সাতটি সরকারি কলেজও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর এই সাত বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সাত কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। কার্যত এটিও অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই।

শিক্ষকসংকট, ক্লাসে উপস্থিতি কম

দেশের কলেজগুলোতে, বিশেষ করে সরকারি কলেজগুলোতে শিক্ষকসংকট রয়েছে। যেমন: গাইবান্ধা সরকারি কলেজে গড়ে প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র একজন। স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকসংকট বেশি। এ কারণে শিক্ষকেরা পালা করে পাঠদান করছেন। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজটিতে মোট শিক্ষার্থী ১৪ হাজার ৬৫২ জন। শিক্ষক আছেন ৬৬ জন।

অধিকাংশ কলেজেই কমবেশি শিক্ষকসংকট রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় কলেজগুলোতে স্নাতক (সম্মান) পর্যায়ে একেকটি শ্রেণিতে ২০০ থেকে ৩০০ বা তারও বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু কোনো কলেজেই এত শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানোর মতো শ্রেণিকক্ষ নেই।

আজকের সম্মিলন সামনে রেখে অধ্যক্ষরাও শিক্ষকসংকটের কথাই বেশি বলছেন। সম্মিলন উপলক্ষে গত বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথম আলোর প্রশ্নের জবাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, অধ্যক্ষরা প্রধানত শিক্ষকসংকটের কথা বলেছেন। গবেষণাগারগুলোতে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কথাও বলেছেন তাঁরা। এ ছাড়া ল্যাব সহকারী সংকটের বিষয়টিও তুলে ধরেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর একটি বড় সমস্যা হলো, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আর ক্লাসে উপস্থিতি কম থাকার অর্থ হলো পড়াশোনায় পিছিয়ে পড়া।

উপাচার্য এ এস এম আমানুল্লাহও এ সমস্যার কথা অস্বীকার করেননি। তিনি বলেন, ঢাকা শহরের বা পুরোনো কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি। কোথাও কোথাও তা ৭৫ শতাংশের বেশি। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর কোথাও কোথাও উপস্থিতি ৩০ শতাংশের মতো।

বিপুল ডিগ্রিধারী বেকার থাকেন

সার্বিকভাবেই দেশে শিক্ষিত তরুণদের বেকারত্বের হার বেশি। আইএমএফের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের শিক্ষিত তরুণদের বেকারত্বের উচ্চ হারের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়া তরুণদের একটি বড় অংশই কর্মসংস্থানের বাইরে থাকেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে পাস করা প্রায় ২৮ শতাংশ গ্র্যাজুয়েট বেকার থাকেন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে যাঁরা চাকরিতে আছেন, তাঁদের বেশির ভাগ স্বল্প আয়ের চাকরি করেন। সার্বিকভাবে দেশে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বেকারত্বের একটি কারণ হলো, স্নাতক ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও সে হারে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়নি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে শিল্প ও কর্মক্ষেত্রের সংযোগও দুর্বল। ফলে ডিগ্রি অর্জন করেও অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা নিয়ে চাকরির বাজারে প্রবেশ করতে পারছেন না।

কলেজগুলোর বিপুল আসন খালি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) কোর্সে আসন রয়েছে সাড়ে চার লাখের বেশি। এ ছাড়া অনেক কলেজে স্নাতক (পাস) কোর্স চালু রয়েছে, যেখানে আসন প্রায় সাড়ে চার লাখ। পেশাগত কোর্সেও কমবেশি ১০ হাজার আসন রয়েছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। পাস করা এসব শিক্ষার্থীর প্রথম পছন্দ থাকবে মেডিক্যাল কলেজসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। ফলে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আসনই খালি থাকবে। অতীতেও অনেক আসন খালি থাকত।

এ বিষয়ে উপাচার্য বলেন, এবার এমনিতেই কলেজগুলোতে আসনের বিষয়টি ‘অটো র্যাশনাল’ হয়ে যাবে। এতে তাদের আয়ের দিক থেকে সমস্যা হলেও তাঁরাও চান মানসম্মত শিক্ষা নিশ্চিত হোক। প্রয়োজনে সরকার টাকা দেবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ,

চ্যালেঞ্জ বাস্তবায়নে

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা এখন কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। একাডেমিক সিলেবাস সংস্কারের মাধ্যমে পাঠ্যক্রমকে যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষাক্রমে রূপান্তর করার কাজ চলছে। শিক্ষাক্রমকে শ্রমবাজারের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সংযুক্ত করার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের পাঠ্যক্রম উন্নয়নের কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২০০ কোর্সের মধ্যে ইতিমধ্যে ৫৫০টি কোর্সের সংস্কার শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের শিক্ষাক্রম সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর শুরু হবে পুনর্মূল্যায়ন। এই শিক্ষাক্রম ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ ও ‘আউটকাম বেজড এডুকেশন (ওবিই)’ অনুসারে পুনর্গঠন করা হবে।

২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি চালু করা হয়েছে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ বর্ষে বিশেষায়িত কর্মমুখী কোর্স ও যোগাযোগভিত্তিক ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলা ও ইংরেজির পাশাপাশি মান্দারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর কার্যক্রম চলছে। ইতিমধ্যে ২৭টি কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এ বছরের মধ্যে ১০০টি ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এসব কোর্স বা উদ্যোগ নেওয়া হলেও এর বাস্তবায়নে যত শিক্ষকের প্রয়োজন, বাস্তবে তা নেই। বিশেষ করে আইসিটি শিক্ষায় শিক্ষকসংকট প্রকট। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আইসিটির জন্য ৮৯ জন কোর ট্রেইনার ও ৮৪০ জন মাস্টার ট্রেইনার এবং অ্যাপ্লায়েড আইসিটির জন্য ৯০ জন কোর ট্রেইনার তৈরি করা হয়েছে। অ্যাপ্লায়েড আইসিটির জন্য ৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরির কাজ চলছে। তাঁরা পর্যায়ক্রমে দেশব্যাপী ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেবেন। ইতিমধ্যে সাড়ে ৩ হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদার্থবিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আইসিটি শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগেও জাতীয় বিশ্ববিদ্যালয় আট বছর মেয়াদি (২০২৩–৩১) মহাপরিকল্পনা করেছিল। তাতে স্নাতক ডিগ্রি কোর্স পুনর্গঠন, উচ্চশিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষাকে গুরুত্ব দেওয়া, বাজারমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স চালু করা, শ্রমবাজারের সঙ্গে মিল রেখে ইন্টার্নশিপ চালুসহ বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সংশোধনেরও পরিকল্পনা ছিল। কিন্তু এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

‘সামগ্রিকভাবে চিন্তা করতে হবে’

দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে চাকরি করেছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি প্রথম আলোকে বলেন, সারা দেশে এত বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতটা আছে, তা ভেবে দেখা দরকার। কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে খণ্ডিতভাবে চিন্তা না করে সামগ্রিক সংস্কারের উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষকদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কলেজশিক্ষকদের পিএইচডি ও এমফিল করার জন্য প্রয়োজনীয় তহবিলও রাখতে হবে। ক্লাসে শিক্ষার্থী কেন কম থাকে, তা গবেষণা করে দেখে পদক্ষেপ নিতে হবে। শিক্ষাক্রম নিয়মিত যুগোপযোগী করতে হবে।

সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পাঁচ দশকের বেশি আগে কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন চারটি বিভাগে চারটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোকে সেসব বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করেছিল। যদিও তা বাস্তবায়িত হয়নি। এখন প্রয়োজনে আটটি বিভাগে আটটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে।

সমকাল

‘আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক’- এটি দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, কোথাও ডিলারের দোকানে সার মিলছে না, কোথাও আবার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে কৃষককে কিনতে হচ্ছে সার। আমন মৌসুমে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সার সংকট নিয়ে এমন অহরহ অভিযোগ মিলছে। সরকার অবশ্য বলছে, জাতীয় পর্যায়ে সারের ঘাটতি নেই। তবে মাঠের চিত্রই সামনের বোরো মৌসুম নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।

কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আমনের চেয়ে বড় পরীক্ষা সামনে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বোরো ধানের পাশাপাশি শীতকালীন সবজি, আলু, পেঁয়াজ, ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ হয়। ফলে সারের চাহিদা দ্রুত বেড়ে যায়। দেশের মোট ধান উৎপাদনের ৯০ শতাংশের বেশি আসে আমন ও বোরো মৌসুমে। এ দুই মৌসুমে প্রয়োজন হয় ৪৩ লাখ টনের বেশি রাসায়নিক সার।

এদিকে, দেশে বছরে প্রায় ৬৬ লাখ টন সার প্রয়োজন হলেও এর বড় অংশ আমদানি করতে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হিসাবে, ২০২৬-২৭ অর্থবছরে সারের মোট চাহিদা ধরা হয়েছে ৬৭ লাখ ৭০ হাজার টন। এর মধ্যে ইউরিয়া ২৬ লাখ ২০ হাজার, ডিএপি ১৩ লাখ ৫০ হাজার, এমওপি ৯ লাখ ৭০ হাজার এবং টিএসপি ৯ লাখ এক হাজার টন। বাকি ৯ লাখ ২১ হাজার টন অন্যান্য সার।

এই চাহিদার বিপরীতে বর্তমানে দেশে সারের মজুত ১৬ লাখ টনের সামান্য বেশি। ফলে বোরোর ভরা মৌসুমের চাহিদা মেটাতে নিরবচ্ছিন্ন আমদানি নিশ্চিত করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বোরো মৌসুম সামনে রেখে সরকার নন-ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিসাবে, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভরা মৌসুমে ডিএপির চাহিদা হবে ১১ লাখ ২৭ হাজার টন। এর বিপরীতে আমদানি প্রক্রিয়াধীন ও আলোচনাধীন রয়েছে ছয় লাখ ৮০ হাজার টন।

একই সময়ে এমওপির চাহিদা ছয় লাখ ৭২ হাজার টন। এর বিপরীতে আমদানি প্রক্রিয়াধীন ও আলোচনাধীন পরিমাণ ছয় লাখ ৮০ হাজার টন। তবে টিএসপির ক্ষেত্রে চাহিদা পাঁচ লাখ ১৯ হাজার টনের বিপরীতে চূড়ান্ত আমদানি প্রক্রিয়ায় ও আলোচনায় রয়েছে তিন লাখ ৬০ হাজার টন।

দেশের সার ব্যবস্থাপনার আরেকটি বড় দুর্বলতা আমদানিনির্ভরতা। ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৬৬ লাখ টন চাহিদার বিপরীতে দেশের সাতটি সরকারি সার কারখানায় উৎপাদন হয়েছে মাত্র ১১ লাখ ছয় হাজার টন। ফলে চাহিদার ৭০ শতাংশের বেশি আমদানির মাধ্যমে পূরণ করতে হয়েছে।

গ্যাস সংকট, পুরোনো যন্ত্রপাতি ও কাঁচামালের স্বল্পতার কারণে সরকারি সার কারখানাগুলোর উৎপাদনও ব্যাহত হয়। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খানের মতে, একসময় বাংলাদেশ দেশের প্রয়োজনের বড় অংশের সার নিজেই উৎপাদন করলেও এখন ইউরিয়ার ক্ষেত্রেও আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে।

এই আমদানি নির্ভরতার সঙ্গে এবার যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা। বিশ্বব্যাংকের ২০২৬ সালের এপ্রিলের পণ্যবাজার বিশ্লেষণ অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক সার মূল্যসূচক আগের প্রান্তিকের চেয়ে ১২ শতাংশের বেশি বেড়েছিল। মার্চে সারের দর ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে জুলাইয়ে সার মূল্যসূচক ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। অর্থাৎ বাজারে কিছুটা স্বস্তি এলেও ভূরাজনৈতিক সংঘাত বাড়লে আবার দাম ও সরবরাহে চাপ তৈরি হতে পারে।

মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা এ ঝুঁকি আরও বাড়ায়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের ডিএপি আমদানির প্রায় এক-তৃতীয়াংশ এসেছিল সৌদি আরব থেকে।

অবশ্য বোরো মৌসুম নিয়ে শঙ্কার কারণ দেখছে না কৃষি মন্ত্রণালয়। তাদের হিসাবে দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬ লাখ ৬ হাজার ৯০০ টন ইউরিয়া, ৪ লাখ ৭ হাজার টন টিএসপি, ৩ লাখ ৩১ হাজার ১০০ টন ডিএপি এবং ২ লাখ ৬২ হাজার ১০০ টন এমওপি সার মজুত রয়েছে। গত অর্থবছরের একই সময়ে মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার টন।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২ নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরে দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ টন সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের জন্য ৭ লাখ ১৪ হাজার ২০০ টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

সারের কৃত্রিম সংকট, মজুতদারি ও অতিরিক্ত দাম আদায় ঠেকাতে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃত চাহিদা নিরূপণ, সম্ভাব্য ঘাটতিপ্রবণ এলাকা চিহ্নিত করা, ডিলারদের মজুত ও বিক্রির তথ্য নিয়মিত তদারকি এবং সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে। অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনার নির্দেশনাও রয়েছে।

দেশ রূপান্তর

‘হাম কমছে না কেন কেউ জানে না’— এটি দেশ রূপান্তরের প্রথম পাতার খবর।খবরে বলা হয়, প্রতিরোধযোগ্য রোগ হলেও দেশে আট মাসের বেশি সময়েও নিয়ন্ত্রণে আসেনি হাম। প্রতিদিনই কেউ না কেউ প্রাণ হারাচ্ছে। ইতিমধ্যে সাড়ে তেরশোর বেশি শিশু প্রাণ হারিয়েছে।

এতদিনেও নিয়ন্ত্রণে না আসায় অনেকেরই প্রশ্ন, কবে কমবে হামের প্রাদুর্ভাব? নিয়ন্ত্রণে আসছে না কেন।

এখন পর্যন্ত পাওয়া যায়নি এসবের নির্দিষ্ট কোনো উত্তর। কেউ জানে না কবে নিয়ন্ত্রণে আসবে হাম।

যদিও এসব খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। নভেম্বরের মধ্যে শতভাগ না পারলেও কাছাকাছি একটি প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টদের ধারণা, হাম নিয়ে স্টাডি শুরু করতে কিছুটা দেরি করে ফেলেছে আইডিসিআর। শুরুতে ধারণা ছিল, শিশুদের দ্রুত টিকা দিতে পারলে নিয়ন্ত্রণে চলে আসবে। অল্প সময়ের মধ্যে দুই কোটির মতো শিশুকে টিকা দেওয়া হলেও হাম নিয়ন্ত্রণে আসেনি। তারপর এটা নিয়ে স্টাডি শুরু করে।

কালের কণ্ঠ

দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার শিরোনাম-‘শীতে গরম রাজনীতি, সতর্ক সরকার’। খবরে বলা হয়, শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে দেশের রাজনীতিতে উত্তাপ ছড়ানোর আভাস মিলছে।

ডিসেম্বর ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, সব মিলিয়ে রাজপথে পাল্টাপাল্টি অবস্থানের প্রস্তুতি নতুন করে সরব করে তুলেছে রাজনৈতিক অঙ্গনকে।

পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত ও বিমানবন্দরের নিরাপত্তা জোরদারসহ সার্বিক বিষয় নিয়ে সতর্ক অবস্থানে সরকার। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও জাতীয় ঐক্য বজায় রাখার উদ্যোগও চলছে।

উদ্ভূত পরিস্থিতিকে ক্ষমতাসীন দল বিএনপি স্বাভাবিকভাবে নিচ্ছে না। ফলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাংগঠনিকভাবে মাঠের কর্মসূচিও দেওয়া হয়েছে।

আজকের পত্রিকা

‘ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী’— এটি আজকের পত্রিকার শিরোনাম । প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে চারজনের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিল। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক মৃতের উচ্চ রক্তচাপ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগও ছিল।

চিকিৎসকদের ভাষায় এটিকে বলে 'কো-মরবিডিটি' অর্থাৎ রোগীর পুরোনো অন্য অসুস্থতা থাকা।

বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে রোগীদের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

এতে ডেঙ্গু রোগীর চিকিৎসায় আগে থাকা শারীরিক সমস্যাগুলোও বিবেচনায় নেওয়ার গুরুত্ব উঠে এসেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা ৫২০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বণিক বার্তা

‘গণিতের প্রাথমিক সমস্যাও সমাধান করতে পারে না তৃতীয় থেকে নবম শ্রেণীর ৬০% শিক্ষার্থী’- এটি বণিক বার্তার প্রথম পাতার শিরোনাম। খবরে বলা হয়, দেশের বর্তমান কারিকুলাম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলকভাবে পড়তে হয় গণিত।

পাঠ্যক্রম অনুযায়ী তৃতীয় শ্রেণি থেকেই গণিতের মৌলিক চারটি বিষয় যোগ, বিয়োগ, গুণ ও ভাগে দক্ষতা অর্জন করার কথা প্রতিটি শিক্ষার্থীর।

তবে পরিসংখ্যান বলছে, দেশের ৭-১৪ বছর বয়সী ৬১ দশমিক ৫১ শতাংশ শিশু গণিতের চার মৌলিক বিষয় সম্পাদনে সক্ষম নয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন 'বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস'-এ তথ্য তুলে ধরা হয়।

এমআইসিএসের প্রতিবেদনটির বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের কোনো বিভাগেই অর্ধেক শিশু মৌলিক গাণিতিক দক্ষতা অর্জন করতে পারেনি।

ইত্তেফাক

‘২ লাখ কোচিং সেন্টারে জড়িত লাখো শিক্ষক!’- এটি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম। খবরে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে রাজধানীসহ সারা দেশে প্রায় ২ লাখ কোচিং সেন্টারে সম্পৃক্ত রয়েছেন লাখো এমপিওভুক্ত শিক্ষক! বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ প্রতিবেদন অনুযায়ী, দেশে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ৬ হাজার ৫৮৭। এর মধ্যে একাডেমিক ৬ হাজার ৩১২টি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বা চাকরিসংক্রান্ত কোচিং সেন্টার রয়েছে আরো ২৭৫টি। শিক্ষাসংশ্লিষ্টরা যদিও বলছেন, নিবন্ধনহীন কোচিং সেন্টারের সংখ্যা প্রায় ২ লাখ। রাজধানীর পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্কুল-কলেজের আশপাশে দেখা মিলছে এ ধরনের প্রতিষ্ঠানের। অনেক কোচিং সেন্টারের মালিকই শিক্ষক। অবশেষে ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ানো শিক্ষকদের লাগাম টানার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলেছেন, ‘অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।’

নীতিমালায় যা আছে :শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং ব্যবসা নিষিদ্ধ করে ২০১২ সালে ‘কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা’ জারি করে সরকার। নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা কোনো কোচিং সেন্টারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না। কোনো শিক্ষক শিক্ষার্থীদের কোচিং-এ উত্সাহিত, উদ্বুদ্ধ বা বাধ্য করতে পারবেন না। এমপিওভুক্ত কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তার এমপিও স্থগিত, বাতিল, বেতনভাতা স্থগিত, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত, বেতন এক ধাপ অবনমিতকরণ, সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার বিধান থাকলেও বাস্তবে প্রয়োগ নেই বললেই চলে। নীতিমালায় বলা হয়েছে, অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের আগে বা পরে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে পারবেন। এক্ষেত্রে মহানগরী এলাকার প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মাসে ৩০০ টাকা, জেলা পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা এবং উপজেলা ও অন্যান্য এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা নেওয়া যাবে। তবে প্রতিষ্ঠান প্রধান ইচ্ছা করলে দরিদ্র শিক্ষার্থীদের এই অতিরিক্ত কোচিংয়ের টাকা কমাতে বা মওকুফ করতে পারবেন বলে নীতিমালায় বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী অতিরিক্ত ক্লাসের ক্ষেত্রে একটি বিষয়ে মাসে কমপক্ষে ১২টি ক্লাস নিতে হবে, প্রতি ক্লাসে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে। অতিরিক্ত ক্লাস থেকে আয়ের টাকার ১০ শতাংশ বিদ্যালয়ের পানি, বিদ্যুত্, গ্যাস ও সহায়তা কর্মচারীদের ব্যয় বাবদ রাখা হবে। বাকি টাকা শিক্ষকরা পাবেন। স্কুল কর্তৃপক্ষ এই অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্যদ কোচিং বাণিজ্যরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে নীতিমালায় বলা হয়েছে।

নয়া দিগন্ত

‘ডিসেম্বরে পোশাকশিল্পে নতুন অস্থিরতার শঙ্কা’- এটি দৈনিক নয়া দিগন্তের প্রথম পাতার খবর। খবরে বলা হয়, শ্রমিক অসন্তোষ, হামলা-ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। শিল্পসংশ্লিষ্টদের হিসাবে, চলমান বিশৃঙ্খলায় প্রতিদিন প্রায় ৪৫ মিলিয়ন ডলারের রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা। নভেম্বরের শেষ দিকে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ১৪৩টি কারখানা বন্ধ ও সাধারণ ছুটির আওতায় এসেছে। শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষের পাশাপাশি বহিরাগতদের উসকানি ও রাজনৈতিক ইন্ধনের অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর মধ্যে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সঙ্কট ও ব্যাংকঋণের উচ্চ সুদের চাপে আগামী ছয় মাসে ৭০০ থেকে ৮০০টি কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ডিসেম্বর ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়লে দেশের প্রধান রফতানি খাতের সঙ্কট আরো গভীর হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
গত ২৬ নভেম্বর গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ১৪০টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়। আগের দিন বন্ধ থাকা কারখানাগুলোসহ এ সংখ্যা দাঁড়ায় ১৪৩টিতে। এর মধ্যে গাজীপুরে ৫৫টি এবং সাভার-আশুলিয়ায় ৮৫টি কারখানা বন্ধ ও সাধারণ ছুটির আওতায় রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে কোথাও উৎপাদন বন্ধ হয়েছে, আবার কোথাও নিরাপত্তার আশঙ্কায় মালিকপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকার পাশাপাশি রফতানি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, পোশাকশিল্পে চলমান হামলা, ভাঙচুর ও অরাজকতার পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগসহ বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে। তাদের মতে, শ্রমিকদের বিভিন্ন দাবি মেনে নেয়ার পর এবং শ্রমিক নেতাদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশের পরও একের পর এক হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা উদ্বেগজনক। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে নিষিদ্ধ সংগঠন ও স্বার্থান্বেষী মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাদের অভিযোগ। এ ক্ষেত্রে অনেক শ্রমিক না বুঝেই উসকানিতে পা দিচ্ছেন। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী ডিসেম্বরে পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রফতানি ও সামগ্রিক অর্থনীতিতে।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম নয়া দিগন্তকে বলেন, পোশাকশিল্পে সাম্প্রতিক বিশৃঙ্খলা ও কারখানা বন্ধের কারণে প্রতিদিন আনুমানিক ৪৫ মিলিয়ন ডলারের রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা। এক মাসে এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫-১৬ হাজার কোটি টাকা। তার দাবি, বিশৃঙ্খলার কারণে প্রায় ৬০০টি বড় কারখানা বন্ধ ছিল। দেশের রফতানিমুখী সক্রিয় কারখানাগুলোর মোট রফতানির প্রায় এক-তৃতীয়াংশ এসব কারখানার ওপর নির্ভরশীল।