রাজশাহীতে ঐতিহ্যবাহী লবাণ উৎসব

ফন্ট সাইজ:

আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে উদ্যাপন করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা। ঐতিহ্যবাহী পোশাক, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, নাচ-গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। শুক্রবার নগরীর বাগানপাড়া এলাকায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এতে রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকার আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ অংশ নিয়ে নিজেদের কৃষ্টি, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরেন। জাতিগত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা উদ্যাপন কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডী। অনুষ্ঠানে শেলী বিশ্বাস ও সুমী মুরমুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রতন কুমার, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন সিং উরাঁও, রাজশাহী ধর্মপ্রদেশের জুডিশিয়াল ভিকার ও উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু, ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু টি. রোজারিও, আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলার সহ-সভাপতি ড. আরোক টপ্য এবং বাগানপাড়া মুক্তিদাতা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার লিটন রিবেরু।