ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ কার্যকালের জন্য পঞ্চমবারের মতো আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক। সম্প্রতি উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার সব উপজেলার নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে আব্দুল হক পুনরায় লালমোহন উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন। এদিকে, ২০২৭-২৮ কার্যকালের জন্য ভোলা জেলা জামায়াতের পুরুষ ও মহিলা শূরা সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে লালমোহন থেকে পুরুষ শূরা সদস্য হিসেবে মাওলানা আব্দুল হক এবং মহিলা শূরা সদস্য হিসেবে তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত আব্দুল হক বলেন, আমার ওপর আস্থা রেখে পুনরায় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আমানত হিসেবে গ্রহণ করছি। সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
লালমোহনে আবারো জামায়াতের আমীর আব্দুল হক
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
