ইউরোপজুড়ে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা বাড়ছে। রুশ গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগীরা এখন ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আরও জটিল কৌশলে হামলা চালাচ্ছে। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা বা ‘ম্যাস-ক্যাজুয়ালটি ইভেন্ট’ ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এমন সতর্কবার্তা দিয়েছে প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করে দিতে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এবং তাদের হয়ে কাজ করা সহযোগীরা ইউরোপের রেলপথ, জ্বালানি নেটওয়ার্ক ও প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্যবস্তু করছে।
আইআইএসএসের হিসাবে, গত ১২ মাসে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ড ১৬ শতাংশ বেড়েছে। একই সময়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের ঘটনা দ্বিগুণ হয়েছে। এতে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি ভুল হিসাব-নিকাশ থেকে পাল্টা হামলা ও সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এখনো অধিকাংশ নাশকতামূলক অভিযান চালাচ্ছে তুলনামূলক কম দক্ষতায় প্রশিক্ষিত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা। তবে আধা-দক্ষ একটি অপারেটর গোষ্ঠীও সক্রিয় হয়ে উঠেছে। তারা আরও জটিল পদ্ধতি ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময় নির্ধারণ করে বা দূর থেকে বিস্ফোরণ ঘটানো যায়-এমন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ রাশিয়ার হয়ে কাজ করা ব্যক্তিদের গ্রেপ্তার করেছে, গোয়েন্দা কর্মকর্তাদের বহিষ্কার করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে রুশ কনস্যুলেট বন্ধ করে দিয়েছে। তবে এসব পদক্ষেপে নাশকতাকে ক্রেমলিনের নীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের আগ্রহ কমেছে-এমন সুস্পষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছে আইআইএসএস।
প্রতিবেদনে বলা হয়েছে, সহযোগীদের গ্রেপ্তার করলে নাশকতার কাজে ব্যবহৃত ব্যক্তিদের সরিয়ে দেয়া সম্ভব। কিন্তু যারা এসব অভিযান পরিচালনার নির্দেশ দেয়, সেই রুশ গোয়েন্দা সংস্থাগুলোকে এতে নিরুৎসাহিত করার সম্ভাবনা খুবই কম। একাধিক মধ্যস্থতাকারীর স্তর ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ ও খাতগুলোকে লক্ষ্য করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে হামলার ঢেউ দেখা যাচ্ছে।
আইআইএসএসের মতে, জার্মানি ও পোল্যান্ডই রাশিয়ার নাশকতার প্রধান লক্ষ্য হয়ে থাকবে। কারণ, ইউক্রেনে সামরিক ও অন্যান্য সরবরাহ পাঠানোর ক্ষেত্রে দেশ দুটির পরিবহন ও শিল্প নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১২ মাসে ইউরোপে নথিভুক্ত নাশকতার অর্ধেকেরও বেশি ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পোল্যান্ডে মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট ২৯টি নাশকতামূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের নভেম্বরে একটি রেললাইনে বিস্ফোরক হামলার ঘটনা ছিল। ইউক্রেনে সরবরাহ পাঠানোর কাজে ব্যবহৃত ওই রেলপথটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
জার্মানির লাইপজিগে গত ৪ আগস্ট ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি আন্তোনভ কার্গো উড়োজাহাজের কাছে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন পাওয়া যায়। তদন্তকারীদের সন্দেহ, এর কিছুক্ষণ পর আকাশপথে চলাচল স্থগিত হওয়ার পর আরেকটি ড্রোনের সঙ্গে ডিএইচএলের একটি কার্গো উড়োজাহাজের সংঘর্ষ হয়ে থাকতে পারে।
আইআইএসএস বলেছে, ইউরোপের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো-কোনো রুশ গোয়েন্দা সংস্থা বা তাদের সহযোগীদের পরিচালিত অভিযানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আগেই দেশগুলো কি বিচ্ছিন্নভাবে নেয়া পদক্ষেপগুলোকে একটি সমন্বিত ইউরোপীয় কৌশলে রূপ দিতে পারবে?
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, কোনো নাশকতামূলক অভিযানে প্রাণহানি বা গুরুতর অবকাঠামোগত বিপর্যয় ঘটলে পাল্টা পদক্ষেপ নেয়ার দাবি উঠবে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে মতভেদও প্রকাশ্যে আসতে পারে।
এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় সাম্প্রতিক হামলার পরও ইউরোপের দেশগুলো এখন পর্যন্ত রাশিয়ার জন্য কোনো সুস্পষ্ট ‘রেড লাইন’ বা সীমা নির্ধারণ করেনি।
আইআইএসএসের মতে, পরিকল্পিত হামলা কিংবা ভুল হিসাব-নিকাশ-যে কারণেই হোক, বড় প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা ইউরোপের জন্য উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাই যেন নীতিনির্ধারকদের প্রধান বিবেচনা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে কোন মাত্রার ক্ষতি হলে কী ধরনের জবাব দেয়া হবে, তা ইউরোপের দেশগুলোকে প্রকাশ্যে জানিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তবে ইউরোপজুড়ে ড্রোন, সাইবার হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন দুর্বল ও ব্যাহত করার যে অভিযোগ পশ্চিমা সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার বিরুদ্ধে তুলেছে, মস্কো তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
